)
অয়ন ঘোষাল: আরও বিপাকে জাহাঙ্গির খান। ২০২০ সালের একটি পুরনো মামলার নতুন করে তদন্ত শুরু হল। তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলা হয়েছিল। সেই ঘটনারই নতুন করে তদন্ত শুরু করল ডায়মন্ডহারবার জেলা পুলিস। এই মামলার এফআইআর (FIR)-এ জাহাঙ্গির খানের নাম ছিল। পুলিস জানিয়েছে, তখন তদন্ত ঠিকমতো হয়নি। তদন্তে গাফিলতি থাকার কারণেই জাহাঙ্গির-সহ বাকি অভিযুক্তরা ছাড় পেয়ে গিয়েছিল। তাই এবার নতুন করে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে জেলা পুলিস।
কী ঘটেছিল সেদিন?
সময়টা ছিল ২০২০ সালের ১০ ডিসেম্বর, সকাল সাড়ে ১০টা। তৎকালীন বিজেপি সভাপতি জে পি নাড্ডা ডায়মন্ডহারবারে যাচ্ছিলেন। উস্তির শিরাকোল মোড় এবং ফলতার দোস্তিপুরে তাঁর কনভয়ে হামলা হয়। কনভয় লক্ষ্য করে ইট ও পাথর ছোঁড়া হয়। সেদিন কনভয়ে দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয় এবং মুকুল রায়ের মতো শীর্ষ বিজেপি নেতারা ছিলেন। হামলায় জে পি নাড্ডার বুলেট প্রুফ গাড়িটি অক্ষত ছিল। তবে কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়ের গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
কেন্দ্র-রাজ্য সংঘাত
এই ঘটনার জেরে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে তীব্র রাজনৈতিক সংঘাত তৈরি হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেন। কেন্দ্রের তরফে রাজ্যের মুখ্যসচিব ও ডিজিপি-কে দিল্লিতে তলব করা হয়। বেশ কয়েকজন আইপিএস অফিসারকে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে বলা হয়।
হামলার পর তিনটি এফআইআর দায়ের হয়েছিল। তার ভিত্তিতে পুলিস মোট ১৫ জনকে গ্রেফতার করে। তবে পরে তারা সবাই জামিন পেয়ে যায়।
ঘটনার পুনর্নির্মাণ
নতুন করে তদন্ত শুরু হতেই রবিবার ফলতায় তদন্তে যায় পুলিস। মূল অভিযুক্ত জাহাঙ্গির খানকে সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয়। পুনর্নির্মাণের সময় হাত জোড় করতে দেখা যায় ফলতার 'পুষ্পা' জাহাঙ্গিরকে। সে নিজের কানও ধরে। এলাকার বাসিন্দারা রাস্তার পাশে দাঁড়িয়ে এই দৃশ্য দেখেন।
এর আগেও জাহাঙ্গিরের একটি রূপ দেখা গিয়েছিল। ফলতার একসময়ের ত্রাস জাহাঙ্গির খানকে পুলিসি পাহারায় খালি পায়ে রাস্তায় হাঁটানো হয়েছিল। তার পরনে ছিল হাফপ্যান্ট ও টি-শার্ট। কোমরে দড়ি বাঁধা অবস্থায় হাত জোড় করে হাঁটতে দেখা গিয়েছিল তাকে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)