)
রণজয় সিংহ: বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। তৈরি হয়েছে বাংলার প্রথম বিজেপি সরকার। এদিকে মুখ্যমন্ত্রী হতেই শুভেন্দুকে শুভেচ্ছা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর। আর তাতেই উসকে উঠল মালদার হেভিওয়েট তৃণমূল নেতার দলবদলের জল্পনা।
শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। ইংরেজবাজার পৌরসভাতেও রেজুলেশন নিয়ে শুভেচ্ছা পাঠানো হয়েছে। একথা নিজেই জানিয়েছেন ইংরেজ বাজার পৌরসভার তৃণমূলের চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনি জানান,খুব অল্প বয়সেই রাজনীতিতে মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী।
শুভেন্দুকে শুভেচ্ছাবার্তা, বদলাচ্ছে মালদার সমীকরণ?
কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, "শুভেন্দুকে আমি দীর্ঘদিন ধরে চিনি। শুভেন্দুর বাবার সঙ্গে আমরা রাজনীতি করতাম। শুভেন্দু অধিকারী মালদার অবজারভারও ছিলেন। আমরা পৌরসভার পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছি শুভেন্দু অধিকারীকে। উনি আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন। আশা করব ওনার নেতৃত্বে বাংলার সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা, স্বাস্থ্য- সব বিষয়ে উন্নতি হবে।" আর এরপরেই উসকে উঠেছে জল্পনা। তবে কি বদলাচ্ছে মালদা জেলার রাজনৈতিক সমীকরণ?
অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা
প্রসঙ্গত ২০২৬ বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পরই বোমা ফাটান রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি তথা ইংরেজবাজার পৌরসভার পৌর প্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। বিপর্যয়ের পর অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করে কার্যত কামান দাগেন তিনি। তাঁর বিস্ফোরক মন্তব্য, "অভিষেক বন্দ্যোপাধ্যায় দলটাকে তিলে তিলে শেষ করে দিল। আমার খুব কষ্ট লাগছে কালকে যখন টিভিতে দেখছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে লাঞ্ছিত করা হচ্ছে। এরকম দেখব কোনওদিন আশা করিনি। দলটাকে কর্পোরেট হাউসের মতো নিয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়।"
আরও বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও উপায় ছিল না। তাঁকে ধৃতরাষ্ট্রের মতো আটকে রাখা হয়েছিল। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকবার হোয়াটসঅ্যাপে মেসেজ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলেছি। কিন্তু দিদি আমাকে বলেছে সবার সাথে ভালো করে কাজ করো। আমি আছি, দেখছি। দলটাকে এইভাবে শেষ হতে দেখে প্রচুর কষ্ট হচ্ছে।"
আইপ্যাক-এর সমালোচনা
একইসঙ্গে সেদিন তিনি আইপ্যাক-এর কঠোর সমালোচনা করেন। বলেন, আইপ্যাক খুবই বিপদজনক। নেতাদের কাছ থেকে টাকা নেওয়া ও পোস্ট দেওয়া, এটাই আইপ্যাক-এর কাজ। প্রার্থী বাছাই করেছে আইপ্যাক। এবার আজ শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতেই কৃষেন্দু নারায়ণ চৌধুরীর শুভেচ্ছাবার্তা পাঠানো স্বভাবতই আগামী দিনে তাঁর রাজনৈতিক পন্থা কী হতে চলেছে, তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)