জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভোট ঘোষণা হওয়ার কয়েক ঘণ্টা আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফের বড় ঘোষণা। রাজ্যের পুরোহিত ও মোয়াজ্জেনদের জন্য মাসিক ভাতা বাড়ানোর ঘোষণা করলেন মমতা। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'রাজ্যের পুরোহিত ও মোয়াজ্জেনদের জন্য মাসিক ভাতায় ৫০০ টাকা বাড়ানোর ঘোষণা করা হয়েছে। এর ফলে এখন থেকে তারা প্রতি মাসে ২,০০০ টাকা করে পাবেন। এই ভাতা তাদের সামাজিক ও ধর্মীয় পরিষেবার স্বীকৃতি হিসেবে দেওয়া হচ্ছে।'
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন:Mamata Banerjee: মোদীর ব্রিগেডের আগেই বড় পদক্ষেপ মমতার, পিছিয়ে পড়াদের উন্নয়নে পাঁচ নতুন বোর্ড
তিনি আরও লেখেন, 'একই সঙ্গে পুরোহিত ও মুয়াজ্জিনদের পক্ষ থেকে জমা পড়া নতুন সব আবেদনও রাজ্য সরকার অনুমোদন করেছে বলে জানানো হয়েছে। সরকারের দাবি, সব সম্প্রদায় ও তাদের ঐতিহ্যকে সম্মান জানিয়ে সহায়তা করাই তাদের লক্ষ্য। আধ্যাত্মিক ঐতিহ্য রক্ষায় যাঁরা কাজ করেন, তাঁদের যথাযথ স্বীকৃতি ও সহায়তা দেওয়ার চেষ্টা চালিয়ে যাবে সরকার।'
একই সঙ্গে আরও বড় ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, 'মা-মাটি-মানুষ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যের সরকারি কর্মী ও পেনশনভোগীদের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা হয়েছে। এর পাশাপাশি রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ লক্ষ শিক্ষক ও অশিক্ষক কর্মী এবং পঞ্চায়েত, পুরসভা ও অন্যান্য অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মী ও পেনশনভোগীরাও এই সুবিধা পাবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের মার্চ মাস থেকে তারা ROPA ২০০৯ অনুযায়ী বকেয়া মহার্ঘ ভাতা (DA) ধাপে ধাপে পেতে শুরু করবেন। এই সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা ইতিমধ্যেই রাজ্যের অর্থ দফতর থেকে জারি করা হয়েছে।'
উল্লেখ্য, গত মাসেই ফেব্রুয়ারিতে রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানোর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। একলাফে ৫০০ টাকা বাড়ান তিনি। এই নতুন বর্ধিত হার ফেব্রুয়ারি ২০২৬ মাস থেকেই কার্যকর হয়েছে। সাধারণ মহিলারা মাসে ১৫০০ টাকা করে পাবেন। এবং তফসিলি জাতি ও উপজাতি (SC/ST) ১৭০০টাকা করে পাবেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)