Mamata Banerjee: 'আপনারা এ বারে নিজেদের অস্তিত্ব বাঁচানোর জন্য, যদি পূর্ব মেদিনীপুর জেলা কোনও গদ্দারের হাতে বিক্রি করতে না চান, তা হলে সব আসনে, সব চক্রান্ত ব্যর্থ করে জোড়াফুলকে ভোট দিন'।

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: 'এই জেলায় গদ্দার লিস্ট করে দিয়েছে, কাকে কাকে অ্যারেস্ট করতে হবে'। শুভেন্দু গড়ে ভোটের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে বললেন, 'অনেক কেলেঙ্কারি আছে। হলদিয়া থেকে কত ট্রাক যায়? সেই ট্রাকের কাটমানি কে খায়? যত কোম্পানি আছে, তাদের থেকে মাসে মাসে টাকা কে তোলে? সব একজনই তোলে'।
আর মাত্র একদিন। বৃহস্পতিবার প্রথম দফাতেই ভোট পূর্ব মেদিনীপুর। এদিন হলদিয়ার সভায় মমতা বলেন, 'আপনারা এ বারে নিজেদের অস্তিত্ব বাঁচানোর জন্য, যদি পূর্ব মেদিনীপুর জেলা কোনও গদ্দারের হাতে বিক্রি করতে না চান, তা হলে সব আসনে, সব চক্রান্ত ব্যর্থ করে জোড়াফুলকে ভোট দিন'। তাঁর কথায়, 'এক ভাই সাংসদ। তুমি বিধায়ক। আর এক ভাই বিধায়ক। পুরো পরিবারটাকে ঢেলে দিয়েছ। আমাদের পরিবারের এমএলএ ইলেকশনে আমি ছাড়া কেউ দাঁড়ায়নি'।
মমতার আরও বক্তব্য, 'আমি এদের আজ নয়। দীর্ঘদিন ধরে চিনি। আগে কংগ্রেস করত। তার আগে তিন-চার বার করে হেরেছে। আমি অনেক দিয়েছি এই পরিবারকে। আর পারব না দিতে। এখনও বিজেপির সাহায্যে দুধে ভাতে আছে'। বলেন, 'এ বারেরও লোডশেডিং করে দেবে, ছাপ্পা ভোট করে দেবে। নন্দীগ্রামেই ৪০ জনকে নোটিস পাঠিয়েছে এনআইএ। কেন বাবা? এই ছ’বছর কি তুমি কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছিলে! আজ বলছ, এক হাজার তৃণমূল কর্মীকে গ্রেফতার করতে হবে'।
বাদ যায়নি একুশের নন্দীগ্রামে হারের প্রসঙ্গ। মমতার সাফ কথা, 'রাতের বেলায় জেতার পরেও লোডশেডিং করে ইভিএম মেশিন লুট করা হয়েছে। কাউন্টিং লুট হয়েছে। আমি চাইলে তখনই এর শেষ দেখে ছাড়তে পারতাম, কিন্তু ভবানীপুর থেকে নির্বাচিত হওয়ার জন্য তখন আর প্রেশার দিইনি'। বলেন, 'পুলিশকে আমি কোনওদিন দেখিনি যে তারা বিজেপির পক্ষ হয়ে কাজ করে। এক পক্ষ হয়ে কাজ করছে'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)