Paschim Medinipur: শোভা বলেন, 'যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন বাবা মা ছিল। এখন বাবা নেই। বাবার জন্য মন খারাপ করে। ২০১০ সাল থেকে জেলে ছিলাম। কোন ঘটনায় ধরেছিল সেগুলো ভুলে গিয়েছি এখন।'

চম্পক দত্ত: ১৬ বছর আগে ঝাড়খণ্ডের ঘাটশিলায় ল্যান্ডমাইন বিস্ফোরণে পুলিস কর্মীর মৃত্যু হয়েছিল। সেই মামলায় গ্রেফতার হয়েছিলেন। প্রায় ১৫ বছর পর জেল থেকে ছাড়া পেলেন এক সময় জঙ্গল কাঁপানো মাওবাদী নেত্রী চন্দনা সিং ওরফে শোভা মুন্ডা। ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ির বাসিন্দা শোভা মুন্ডার নামে পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ড এই দুই রাজ্য মিলিয়ে মোট ৮ টি মামলা রয়েছে। অবশেষে এক এক করে ৭টি মামলায় জামিন পাওয়ার পর ঝাড়খণ্ডের ঘাটশিলা বিস্ফোরণ কাণ্ডে আদালতে বেকসুর খালাস হওয়ার পর শুক্রবার মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে ছাড়া পেলেন শোভা।
তাকে নিতে এসেছিলেন তার দাদা এবং বৌদি, ছিলেন এপিডিআরের সদস্যরা। জানা গিয়েছে, মাত্র ১২ বছর বয়সে ঘর থেকে বেরিয়ে শোভা মাওবাদী আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়ে। পরে মাওবাদী নেতা রাজেশ মুন্ডাকে বিয়ে করেছিলেন। বর্তমানে শিলদা কাণ্ডের মামলায় সাজাপ্রাপ্ত হয়ে সে বহরমপুর জেলে রয়েছে। জানা গিয়েছে ২০১০ সালে মাত্র ১৭ বছর বয়সেই শোভা গ্রেফতার হয়েছিল। তার বিরুদ্ধে একাধিক খুনের মামলা রয়েছে।
এই একটি কেসে বেকসুর খালাস হলেও বাকি ৭টি কেস এখনও বিচারাধীন রয়েছে তবে সেগুলোতে তিনি জামিন পেয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭.৩০ নাগাদ তিনি কেন্দ্রীয় সংশোধনাগার থেকে বেরিয়ে আসেন। বেরিয়েই সাংবাদিকদের তিনি বলেন, 'মাওবাদী বলে ২০১০ সাল থেকে জেলে ছিলাম। কোন ঘটনায় ধরেছিল সেগুলো ভুলে গিয়েছি এখন। অনেকদিন পর জেল থেকে বের হচ্ছি অনেক ভালো লাগছে। এখন বাড়িতেই যাব।'
শোভা আরও বলেন, যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন বাবা মা ছিল। এখন বাবা নেই। বাবার জন্য মন খারাপ করে। এরপরে কি করব তা পরে ভাবব। সেই সঙ্গে তিনি বলেন, ঘাটশিলা বিস্ফোরণ ঘটনায় যুক্ত থাকায় গ্রেফতার হতে হয়েছিল। তবে তিনি সেই ঘটনায় যুক্ত ছিলেন না। শোভার দাদা তারক সিং বলেন, মাওবাদী কেসে এতদিন জেলে ছিল বোন। বোনের আসল নাম ছিল চন্দনা সিং। মাওবাদীদের দলে নাম লেখানোর পরে নাম পরিবর্তন করে হয় শোভা মুন্ডা।
শোভার বৌদি ছবি সিং বলেন, এতদিন জেলে ছিল এখন বাড়ি যাবে ভালো লাগছে। এবার বাড়িতে তাকে ঠিক ঠাক করে রাখতে হবে। এপিডিআরের সদস্য জয়শ্রী পাল বলেন, ঘাটশিলা বিস্ফোরণের ঘটনায় রাঁচি হাইকোর্ট বেকসুর খালাসের নির্দেশ দিয়েছিল। সেইমত জেল থেকে বেরোচ্ছে শোভা। সেইসঙ্গে তিনি অভিযোগ করে বলেন,শিলদা কাণ্ডে অভিযুক্ত ২৩ জন যাবজ্জীবন প্রাপ্ত জেলবন্দী রয়েছে। তাদের যে হাইকোর্টে জামিনের জন্য আবেদন করা হয়েছে সেই আবেদনটা পর্যন্ত তিন বছর ধরে শোনা হচ্ছে না।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)