মনোজ মন্ডল: পুলিস কনেস্টেবলের পোশাক বানিয়ে সেই পোশাক পরে বিভিন্ন যায়গায় ঘোরাঘুরি করত যুবক। নিজেকে এলাকায় পুলিস বলে পরিচয় দিত। পুলিসের পোশাক পরে বিভিন্ন ধরনের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করত। অবশেষে পুলিসের জালে ভুয়ো পুলিস কনেস্টেবল। মঙ্গলবার তাকে গ্রেফতার করে গাইঘাটা থানার পুলিস। পুলিস জানিয়েছে ধৃতের নাম অঙ্কিত ঘোষ। বাড়ি গাইঘাটা থানার শিমুলপুর চৌরঙ্গী এলাকায়।
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন, Purba Midnapur Shocker: ডাম্পারের ধাক্কায় পুকুরে উড়ে গিয়ে পড়ল গাড়ি, ঘটনাস্থলেই মর্মান্তিক মৃ*ত্যু ২ পুলিসকর্মীর
পুলিস সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি গাইঘাটা থানার পুলিসের কাছে খবর আসে গাইঘাটা চৌরঙ্গী এলাকার এক যুবক পুলিসের পরিচয় দিয়ে ঘুরে বেড়াচ্ছে। খবর পেয়ে অঙ্কিতের গতিবিধির উপরে নজর রাখছিল গাইঘাটা থানার পুলিস। তার গতিবিধিতে সন্দেহ হলে বুধবার অঙ্কিতকে জিজ্ঞাসাবাদ করে গাইঘাটা থানার পুলিস। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদে তার কথায় একাধিক অসঙ্গতি দেখা যায়। তখন পুলিস তার কাগজপত্র দেখতে চায়। কিন্তু পুলিসে চাকরি করার মত কোনও নথি সে দেখাতে পারেনি। পরবর্তীতে তাকে গ্রেফতার করা হয়।
পুলিস সূত্রে খবর, ধৃতের কাছ থেকে একাধিক পুলিসের পোশাক, নেম প্লেট-সহ একাধিক ভুয়ো নথি উদ্ধার হয়েছে। সূত্রের আরও খবর, পরিবারকে সে জানিয়েছিল পুলিসের জন্য পরীক্ষা দিয়েছিল। তারপরে তাদের জানায় সে চাকরি পেয়ে গিয়েছে। প্রতিদিন বাড়ি থেকে পুলিসের পোশাক পরে ডিউটিতে যাচ্ছি বলে বাড়ি থেকে বের হত। বিকাশ ভবনে পোস্টিং রয়েছে বলে পরিবার জানত। অবশেষে গাইঘাটা থানার পুলিসের হাতে গ্রেফতার হয় ভুয়ো পুলিস অঙ্কিত ঘোষ।
আরও পড়ুন, West Bengal Weather Update: টানা দুর্যোগ চলবে আগামী ৫ দিন, রাজ্যে নিম্নচাপের প্রভাব কতটা?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)