West Bengal Weather Update: তপ্ত রোদে পুড়ছে দক্ষিণবঙ্গ। চৈত্র শেষের দাবদাহে যখন সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত, ঠিক তখনই কিছুটা স্বস্তির খবর শোনাল আবহাওয়া দফতর। বছরের শেষ দিনে এবং নতুন বছরের শুরুতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে রাজ্যের একাধিক জেলায়।

অয়ন ঘোষাল: দুর্বিষহ জ্বালাময়ী দাবদাহ থেকে আজ চৈত্র অবসান এবং কাল বর্ষবরণের দিন সাময়িক মুক্তি পেতে চলেছে দক্ষিণবঙ্গের পশ্চিমের কিছু জেলা। গাঙ্গেয় দক্ষিণবঙ্গেও আকাশ মেঘলা বা আংশিক মেঘলা। তবে আশানুরূপ বৃষ্টি বা স্বস্তি ফেরার সম্ভবনা কম। উলটে কোনো কোনো জেলায় আগামী দু থেকে তিন দিনে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্র বাড়তে পারে। চলতি সপ্তাহে পশ্চিমের জেলায় ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে তাপমাত্রা। কলকাতায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আশঙ্কা আবহাওয়া বিজ্ঞানীদের।
উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা বাংলা বছরের শেষ এবং নতুন বছরের প্রথম দিনে।
বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে
দক্ষিণবঙ্গে আজ চৈত্র সংক্রান্তির দিনে গরম ও অস্বস্তির সতর্কতা থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে। দক্ষিণবঙ্গের কলকাতা-সহ অন্যান্য জেলাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া। দুপুরের পর বা বিকেলের দিকে পশ্চিমের ৪ জেলায় খুব হালকা মাঝারি বৃষ্টি। গাঙ্গেয় বঙ্গের দুই একটি জেলায় সামান্য হালকা বৃষ্টির পূর্বাভাস। তাতে তাপমাত্রা পতনের সম্ভাবনা ক্ষীণ।
কাল বাংলা বছরের প্রথম দিন ১লা বৈশাখ বুধবার এবং পরশু বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের জেলাগুলিতে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে বজ্র বিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সতর্কতা। বৃষ্টি হলেও পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান জেলাতে গরম ও অস্বস্তিকর আবহাওয়ার সতর্কতা থাকবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও গরম ও অস্বস্তি বজায় থাকবে।
শুক্রবারে বজ্রবিদ্যুৎ-সহ স্থানীয়ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে। তবে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বহাল থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে। গরম ও অস্বস্তির সতর্কবার্তা থাকবে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান জেলাতে।
শনি এবং রবিবারে ফের বৃষ্টির সম্ভাবনা কমবে। বাড়বে তাপমাত্রা। বাড়বে জলীয় বাষ্পের অস্বস্তি। উষ্ণ আবহাওয়া দক্ষিণ বঙ্গের সব জেলাতে। গরম ও অস্বস্তির সতর্কবার্তা থাকবে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলাতে।
উত্তরবঙ্গে
উত্তরবঙ্গে আজ চৈত্র সংক্রান্তি এবং কাল পহেলা বৈশাখে উপরের দিকের পাঁচ জেলাতেই বজ্র বিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির আশঙ্কা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি।
উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমলেও বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টি স্থানীয়ভাবে পার্বত্য এলাকায় হতে পারে। তবে নীচের দিকের জেলা মালদা ও দুই দিনাজপুরে তাপমাত্রা বাড়বে। বাড়বে গরম এবং অস্বস্তি। উত্তরবঙ্গের জেলাতে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। গরম ও অস্বস্তি থাকলেও সতর্কবার্তা নেই উত্তরবঙ্গের জেলাগুলির জন্য।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)