Sukanta Majumder: বজবজ আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে গিয়ে বিক্ষোভের মুখে সুকান্ত। উঠল 'চোর, চোর' স্লোগানও। বললেন, ভিডিয়ো ফুটেজগুলি সযত্বে রাখুন, সময় আসবে'।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তুমুল বিক্ষোভ। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে লক্ষ্য করে জুতো ছুড়লেন বিক্ষোভকারীরা! উঠল 'চোর, চোর' স্লোগানও। তুলকালাম কাণ্ড বজবজে।
ঘটনাটি ঠিক কী? এক সপ্তাহ পার। দুই ব্যবসায়ী সংগঠনের দ্বন্দ্বে রীতিমতো অগ্নগর্ভ হয়ে ওঠেছিল মহেশতলা। একাধিক দোকানে ভাঙচুর চালিয়েছিল দুষ্কৃতীরা। আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল বাইকে। এমনকী, ইটবৃষ্টির মুখে পড়তে হয়েছিল পুলিস। সেই ঘটনায় আহত বিজেপি কর্মীদের দেখতে বজবজে যান দলের রাজ্য সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। কবে? আজ, বৃহস্পতিবার।
এদিকে প্রস্তুত ছিলেন স্থানীয় তৃণমূলকর্মীরা। বজবজে পৌঁছতেই সুকান্তকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। এমনকী, ভিড়ের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রীকে লক্ষ্য় করে জুতোও ছোঁড়া হয় বলে অভিযোগ। কোনওরকমে রক্ষা পান তিনি। সঙ্গে 'চোর, চোর' স্লোগান। এরপর বিজেপি কর্মীরাও যখন পাল্টা স্লোগান দিতে শুরু করে, তখনই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। দু'পক্ষের মধ্য়ে শুরু হয় ধস্তাধস্তি।
সুকান্ত বলেন, 'পুলিসের কোনও কাজ নেই। ডায়মন্ড হারবার মডেল, মহিলাদের সামনে রেখে বিক্ষোভ দেখানো হচ্ছে। একটা দাবাং অফিসার আছে। বাড়িতে নেই নুন, ছেলের নাম মিঠুন। কোথায় তাকে তো আর দেখতে পাওয়া যাচ্ছে না। বিজেপির লোকের মার খাবে, পুলিস দেখছে। কেন্দ্রীয় মন্ত্রী আসছে। আমার পার্টির লোককে মেরেছে, আমি দেখতেও যেতে পারব না। আজকে আমার মা-কে যে শব্দ শুনতে হল, অভিষেক বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ জানাব এই শব্দ শোনানোর জন্য'। সঙ্গে বার্তা, 'ভিডিয়ো ফুটেজগুলি সযত্বে রাখুন, সময় আসবে'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)