WB Weather Update: বৃহস্পতি এবং শুক্রবার এই দুদিন বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়

অয়ন ঘোষাল: বেলা বাড়লেই প্রবল গরম-অস্বস্তি চলছে কয়েকদিন ধরেই। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস হল, বুধবার থেকে শুক্রবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গে। হতে পারে কালবৈশাখীও। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা এবং উত্তরের পার্বত্য জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কলকাতা-সহ সব জেলাতেই।
দক্ষিণবঙ্গে আজ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা দু এক জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। বুধবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর জেলাতে।
বৃহস্পতি এবং শুক্রবার এই দুদিন বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। শনিবারেও হালকা বৃষ্টির সম্ভাবনা বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলার কিছু অংশে।
দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও তাপমাত্রা অত্যন্ত বেশি এবং অস্বস্তিকর থাকবে। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় আরও দু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। কলকাতার পারদ বাংলা নতুন বছর ১৪৩৩ এর প্রথম দিনেই ৩৭ ডিগ্রি এবং পশ্চিমের জেলা ৪০ ডিগ্রি স্পর্শ করতে পারে। বৃষ্টির কারণে শুক্রবার সামান্য তাপমাত্রা কমলেও শনিবার থেকে পরিস্থিতি আবার আগের মতো হয়ে যাবে।
গরম ও অস্বস্তিকর আবহাওয়া বেশি থাকবে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। উত্তরবঙ্গে উপরের দিকের পাঁচ জেলায় বৃষ্টি চলবে।। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বুধবার থেকে। বুধবার,বৃহস্পতি ও শুক্রবারে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে উত্তরবঙ্গের সব জেলাতে। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী ৪৮ ঘন্টায় ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। মালদা ও দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া তৈরি হতে পারে।
আজ এপ্রিলের ঠিক মাঝামাঝি থেকে গরম বাড়তে পারে। দীর্ঘ মেয়াদী পূর্বাভাসে ভারতের মৌসম ভবন জানাচ্ছে ২০২৫ সালের মতো মনোরম নয়। ২০২৬ এর গরম কাটবে ২০২৪ সালের মতো গরম এবং অস্বস্তিকর আবহাওয়ায়। এপ্রিলের দ্বিতীয় আর্ধ এবং মে মাসে হিট ওয়েভের সংখ্যা বাড়তে পারে। প্রায় আগাগোড়া দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে চলেছে আগামী প্রায় ২ মাস। লং টার্ম ফোর কাস্টে ভারতের মৌসম ভবন জানাচ্ছে এবছর বৃষ্টির পরিমাণও কমতে পারে ৮ থেকে ১২ শতাংশ। পূর্ব ভারতে গড় বৃষ্টিপাত কম হওয়ার আশঙ্কা। গড় বৃষ্টিপাতের পরিমাণ বাংলায় ৮৮ থেকে ৯২ শতাংশ হতে পারে বলে অনুমান ভারতের আবহাওয়া বিজ্ঞানীদের।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)