
অয়ন ঘোষাল: শুক্রবার থেকেই বাড়তে শুরু করবে তাপমাত্রা (Temperature Rising)। আজ, শুক্রবার দিনের তাপমাত্রা একধাক্কায় ৬ ডিগ্রি বাড়তে চলেছে। বাড়তে থাকা দিন ও রাতের তাপমাত্রার দোসর হবে চূড়ান্ত অস্বস্তিকর জলীয় বাষ্প (Humidity)। আগামী সোম এবং মঙ্গলবার স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বিকেলের দিকে খুব সামান্য বৃষ্টির পূর্বাভাস (Light Rain)। শনি থেকে বর্ধিত তাপমাত্রার দোসর হবে আরও বেশি জলীয় বাষ্প। ফলে অনুভূত বা 'ফিল লাইক' তাপমাত্রায় অনেক জেলাতেই তাপপ্রবাহ (Heat Wave) বা তার সমতুল অনুভূতি তৈরি হবে।
৪০ ডিগ্রি
বৃষ্টির ইনিংস শেষ। ফিরছে বাংলার চেনা গরম। আজ, শুক্রবার থেকেই বাড়তে শুরু করবে তাপমাত্রা। আজ দিনের তাপমাত্রা একধাক্কায় ৬ ডিগ্রি বাড়তে চলেছে কলকাতায়। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা এই সময়ের স্বাভাবিকের তুলনায় ৯ ডিগ্রি কমে ২৬.৬ ডিগ্রিতে পৌঁছয়। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা সেখান থেকে হাই জাম্প দিয়ে ৩২ ডিগ্রিতে পৌঁছবে। রবিবারের মধ্যে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রিতে পৌঁছতে পারে। পশ্চিমের জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছতে পারে।
জলীয় বাষ্প ৯৮ শতাংশ
বাড়তে থাকা দিন ও রাতের তাপমাত্রার দোসর হবে চূড়ান্ত অস্বস্তিকর জলীয় বাষ্প। বাংলা ঘামবে। প্রার্থীরা গলদঘর্ম হবেন প্রচারে গিয়ে। দরদরিয়ে ঘাম ঝড়বে দলীয় কর্মীদের। এই মুহূর্তে কলকাতায় জলীয় বাষ্প ৮০ শতাংশ। বেলা বাড়লে যা পৌঁছতে চলেছে ৯৮ শতাংশে।
হিতে বিপরীত
আগামী সোম এবং মঙ্গলবার স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বিকেলের দিকে খুব সামান্য বৃষ্টির পূর্বাভাস। তবে তাতে হিতে বিপরীত হবে। সেই বৃষ্টি থামলেই চূড়ান্ত অস্বস্তিকর ঘর্মাক্ত পরিস্থিতি ফিরবে।
বৃষ্টি নেই
আজ শুক্রবার রাজ্যের পার্বত্য জেলা বাদে আর তেমনভাবে কোনো বৃষ্টি নেই। সারা বাংলায় রোদ ঝলমলে আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশ বৃদ্ধি পাবে চৈত্রের চাঁদি ফাটা রোদের তেজ। শনি রবি গোটা রাজ্যের কোথাও কোনো উল্লেখযোগ্য বৃষ্টি বা সিস্টেমের পূর্বাভাস নেই।
তাপপ্রবাহের সতর্কতা নেই
শনিবার থেকে বর্ধিত তাপমাত্রার দোসর হবে আরও বেশি জলীয় বাষ্প। ফলে অনুভূত বা ফিল লাইক তাপমাত্রায় অনেক জেলাতেই তাপপ্রবাহ বা তার সমতুল অনুভূতি হবে। যদিও সরকারিভাবে রাজ্যে আগামী কয়েকটা দিন সরাসরি কোনো তাপপ্রবাহের সতর্কতা নেই।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)