)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শনিবার বিকেলে স্নান করতে নেমে অজয় নদে নিখোঁজ হয়েছিল দুই কিশোর। নিখোঁজের ৪৮ ঘণ্টা পর মিলল তাদের মৃতদেহ। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কেতুগ্রামের কাঁকুরহাটি গ্রামে ও কাটোয়া শহরে। জানা গিয়েছে, মৃত দুই ছাত্র আয়ান আহমেদ (১৬) ও মহম্মদ তাহমেদ নূর (১৬) – কাটোয়ার বাসিন্দা ও দশম শ্রেণির পড়ুয়া ছিল। শনিবার বিকেলে তারা কাঁকুরহাটি গ্রামের অজয় নদে স্নান করতে নামে এবং তারপর থেকেই তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না।
রবিবার দুপুরে প্রথমে মহম্মদ তাহমেদ নূরের দেহ উদ্ধার হয় ঘটনাস্থল থেকে প্রায় দশ কিলোমিটার দূরে বেগুনকোলা ঘাটের কাছে। এরপর সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা একই জায়গায় নদীতে একটি মৃতদেহ ভাসতে দেখে পুলিসে খবর দেয়। বিপর্যয় মোকাবিলা বাহিনী ও কেতুগ্রাম থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে। পরে তা শনাক্ত হয় আয়ান আহমেদের দেহ হিসেবে। দু’দিন ধরে তল্লাশি চালিয়েছে পুলিস ও বিপর্যয় মোকাবিলা দল।
স্থানীয়দের মতে, অজয় নদের তীরে প্রায়ই লোকজন ছবি ও ভিডিয়ো তুলতে আসে। নিহত ছাত্ররাও মোবাইলে ছবি তুলছিল, এমনটাই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ছবি তোলার পরই তারা স্নানে নামে এবং সেখান থেকেই নিখোঁজ হয়ে যায়। ময়নাতদন্তের জন্য দেহ দুটি পাঠানো হয়েছে কাটোয়া মহকুমা হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। এই ঘটনা ফের একবার অজয় নদে নিরাপত্তার প্রশ্ন তুলে দিল। স্থানীয়দের দাবি, নদীতে স্নান করার জায়গায় পর্যাপ্ত সতর্কতা চিহ্ন ও নজরদারির ব্যবস্থা থাকা উচিত, যাতে এমন দুর্ঘটনা ভবিষ্যতে এড়ানো যায়।
অন্যদিকে, এবার সুবর্নরেখা নদীতে ভেসে গেল এক কিশোর। নাম শুভজিৎ খাঁমরুই। সোমবার দুপুর বেলা বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে নামে শুভজিৎ। গোপীবল্লভপুরের জগন্নাথপুর ঘাটে সুবর্ণরেখা নদীর ঘাটে স্নান করতে নামে শুভজিৎ ও তার বন্ধুরা। কিছুক্ষণ স্নানের পর হঠাৎ করেই জলের স্রোতে তলিয়ে যায় ওই কিশোর। এত দ্রুত ঘটনাটি ঘটে যে কেউ বঁচানোর চেষ্টা টুকু করে উঠতে পারেনি। পাড়ে বাকি গ্রামবাসী, বন্ধুরা খোঁজ শুরু করে। খবর দেওয়া হয় প্রশাসনকে এবং কিশোরের বাড়িতে।
বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে স্পিডবোট নামিয়ে খোঁজ ও শুরু হয়। গ্রামবাসীরাও নদীতে নেমে খোঁজ করে তবে এখনও উদ্ধার করা যায়নি যুবককে। স্থানীয়দের ধারণা নদী থেকে বেহিসেবি বালি তোলায় নদীতে বড় বড় গর্ত হয়ে রয়েছে। যা এক একটা মরন ফাঁদ। নদীতে জল বাড়ায় ওই গর্তগুলো ঘূর্ণিতে পরিণত হয়েছে। যাতে তলিয়ে গিয়েছে ওই কিশোর। নবম শ্রেণীর ছাত্রের বাড়ি গোপীবল্লভপুরের কুড়িচামঠ গ্ৰামে। সোমবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)