Youth killed lover in Baruipur: বিবাহিত এবং সন্তান থাকা সত্ত্বেও তা গোপন রেখে সম্পর্ক। মিসড কলে আলাপের পর বাড়িতে ডেকে ঘনিষ্ঠতা। বিয়ের জন্য চাপ দিতেই ভয়ংকর পরিণতি। মেলে বস্তাবন্দি দেহ। হাড়হিম করে দেওয়া ঘটনা বারুইপুরে।

তথাগত চক্রবর্তী: প্রেমের টানাপোড়েনে নৃশংস খুন। বাড়িতে ডেকে শারীরিক সম্পর্ক। তারপরই খুন প্রেমিকাকে। খুনের পর দেহ বস্তাবন্দি করে ফেলা হয় জলাশয়ে। হাড়হিম করে দেওয়া এই ঘটনায় গ্রেফতার প্রেমিক ও দাদা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে।
ঘটনাটি কী ঘটেছে?
প্রেমের সম্পর্কের জেরে নৃশংস খুনের অভিযোগ উঠল বারুইপুরে। বাড়িতে ডেকে শারীরিক সম্পর্কের পর প্রেমিকাকে খুন করে দেহ বস্তাবন্দি করে জলাশয়ে ফেলে দেওয়ার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে। খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত প্রেমিক ও তার দাদাকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রায়দিঘীর বাসিন্দা রুকসানা খাতুনের সঙ্গে মিসড কলের মাধ্যমে পরিচয় হয় মেহেরাজ হোসেনের।
মেহেরাজ বিবাহিত এবং তার সন্তানও রয়েছে। যদিও তা গোপন রাখা হয়েছিল প্রেমিকা রুকসানা খাতুনের সঙ্গে। বারুইপুরের পদ্মপুকুর এলাকায় ভাড়াবাড়িতে দাদা মেহেবুব হোসেনের সঙ্গে থাকত মেহেরাজ। ঘটনার দিন অর্থাৎ রবিবার বাড়ি ফাঁকা থাকার সুযোগে রুকসানাকে ডেকে আনে মেহেরাজ। তারপর দুজনের মধ্যে শারীরিক ঘনিষ্ঠতাও হয়।
তদন্তে উঠে এসেছে, এরপরই বিয়ের জন্য চাপ দিতে থাকে রুকসানা। সেইসঙ্গে আর্থিক লেনদেন নিয়েও দুজনের মধ্যে অশান্তি হয়। সেই অশান্তি বচসায় গড়ায়। বচসার একপর্যায়ে মানিব্যাগে থাকা ব্লেড দিয়ে রুকসানার গলার নলি কেটে খুন করে মেহেরাজ। এরপর দেহ বস্তাবন্দি করে ঘরেই ফেলে রাখে। রাতে দাদা বাড়ি ফিরলে তাঁকে বিষয়টি জানানো হয়। তারপরই দাদা-ভাই মিলে একটি গাড়িতে করে ধোপাগাছির একটি জলাশয়ে বস্তাবন্দি দেহ ফেলে দিয়ে আসে।
পুলিসি তদন্ত
সোমবার সকালে স্থানীয়রা দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় ও তদন্ত শুরু করে। তদন্তে নেমে পুলিস সিসিটিভি ফুটেজের সূত্র ধরে গাড়িটিকে শনাক্ত করে। ঘটনার পর অভিযুক্তের দাদা পরিবার নিয়ে বকখালিতে চলে গিয়েছিল। সেখান থেকে ফেরার পর তাকে আটক করা হয়। ওদিকে মেহেরাজকে বড়বাজারের একটি লুঙ্গি কারখানা থেকে ডেকে এনে গ্রেফতার করে পুলিশ।
ইতিমধ্যেই খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। রুকসানার দাদার লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিস। আজ ধৃত দাদা ও ভাই, দুজনকেই বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)