
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পড়াশোনার ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বহুদিনেরই অভ্যাস। একসময় ছিল গুগল (Google), এখন আবার চ্যাটজিপিটি (ChatGPT)। আসলে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির আবিষ্কার জীবনকে, বিশেষত, পড়ুয়ার দৈনন্দিনকে অনেক সহজ করে তুলেছে।
চ্যাটজিপিটি
চ্যাটজিপিটি যে কোনো প্রশ্ন করলে সহজেই উত্তর দিয়ে দেয়। তার মহা-বিশ্বে আছে রেসিপি থেকে গণিত, কেমিস্ট্রি থেকে সাহিত্য। আসলে যখন যা কিছু মনে আসছে, তখনই এআই চ্যাটবটের কাছে জানতে চাওয়া হচ্ছে। কিন্তু ইদানীং অনেকেই খেয়াল করেছেন, এতে মানুষের চিন্তা করার ক্ষমতা কমছে। আর হালে চ্যাটজিপিটির নির্মাতা সংস্থাই জানিয়েছে, চ্যাটজিপিটি ব্যবহারে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে!
কী বলছেন গবেষকেরা
গবেষকরা জানান, চ্যাটজিপিটি গোত্রের এআই টুল ব্যবহার করায় মস্তিষ্কের ক্ষতি হচ্ছে। কী ক্ষতি? ধীরে ধীরে মুছে যাচ্ছে স্মৃতি। এমনকি, গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে চিন্তাভাবনা করার ক্ষমতাও যাচ্ছে হারিয়ে। সব মিলিয়ে কমে যাচ্ছে মস্তিষ্কের কর্মক্ষমতা। 'দি কগনিটিভ কস্ট অব ইউজিং লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস' শীর্ষক গবেষণায় বলা হচ্ছে, চ্যাটজিপিটির মতো টুল মস্তিষ্কের চিন্তাভাবনার ক্ষমতা, শেখার ক্ষমতা, কোনো তথ্য জমিয়ে রাখার ক্ষমতা কমিয়ে দিচ্ছে।
সমীক্ষা ও ফলাফল
এমআইটিতে ৫৪ জন শিক্ষার্থীর উপরে চার মাস ধরে এই গবেষণা হয়েছে। ইলেকট্রোএনসেফালোগ্রাফি (EEG) ডিভাইস দিয়ে তাদের মস্তিষ্কের কার্যক্ষমতা পরীক্ষা করা হয়। দেখা যায়, এআই ব্যবহারকারী গ্রুপ প্রথমে দ্রুত কর্মক্ষমতা দেখালেও, দীর্ঘ সময়ে তাঁদের মস্তিষ্ক ক্রমশ ধীরস্থির হয়ে যাচ্ছে। যেসব শিক্ষার্থী চ্যাটজিপিটি ব্যবহার করে, তাদের কিছু মনে রাখার ক্ষমতা কমে যাচ্ছে। তাদের মস্তিষ্ক কাজ করাও কমিয়ে দিচ্ছে। অন্য দিকে, যারা কোনো কিছুর সাহায্য না নিয়ে কাজ করেছে, প্রজেক্ট লিখেছে, তাদের পরীক্ষার ফলাফল তুলনায় অনেক ভাল। যারা নিয়মিত চ্যাটজিপিটি ব্যবহার করে, তাদের সামগ্রিক ভাবনাচিন্তার উপরেই নেতিবাচক প্রভাব পড়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার উপরে অতিরিক্ত নির্ভরশীলতা তাদের মস্তিষ্কের সক্রিয়তা কমিয়ে দিয়েছে। তাদের সৃজনশীল চিন্তাভাবনার ক্ষমতা বা কোনও কিছু লেখার ক্ষমতা হারিয়ে যাচ্ছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)