)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) কী ভাবে বিশ্বজুড়ে কর্মসংস্থানের চেনা সমীকরণ বদলে দিচ্ছে, তার বড় প্রমাণ মিলল আরেকবার। আমেরিকার রিয়েল এস্টেট প্রযুক্তি সংস্থা ওপেনডোর (Opendoor) ভারতে তাদের সব ব্যবসা বন্ধ করল। এর ফলে ভারতে ওই সংস্থার প্রায় ২৫০ জন কর্মী এক রাতের মধ্য়ে চাকরি হারিয়েছেন।
ওপেনডোরের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের অফশোর (offshore) টিমকে সরিয়ে এখন আমেরিকা ‘এআই-নেটিভ’ (AI-native) কর্মীর দল তৈরির ওপর জোর দেওয়া হচ্ছে। সংস্থার প্রধান কর্তা (CEO) কাজ নেজাতিয়ান এক্স-এ একটি এই খবর জানিয়েছেন।
সিইও কাজ নেজাতিয়ান তাঁর পোস্টে স্পষ্ট জানিয়েছেন, কোম্পানির মূল কাস্টোমার যেহেতু আমেরিকান, তাই সমস্ত অপারেশনাল কাজ গ্রাহকদের কাছাকাছি থাকা দলের মাধ্যমেই পরিচালনা করা উচিত। তিনি লেখেন, 'আজ আমরা ভারতের সহকর্মীদের বিদায় জানাতে শুরু করেছি কারণ আমরা ভারতের সব ব্যবসা বন্ধ করে দিচ্ছি। আমাদের গ্রাহকরা আমেরিকায় আছেন এবং আমাদের সব কাজ সেখানেই হওয়া উচিত।'
কোম্পানি সূত্র অনুযায়ী, কয়েক মাস আগে যখন ‘ওপেনডোর ২.০’ (Opendoor 2.0) প্রকল্প চালু করা হয়, তখন ভারতে তাদের প্রায় ২৫০ জন কর্মী ছিল। গত কয়েক মাসে ধাপে ধাপে কিছু পদ আমেরিকায় স্থানান্তরিত করা হলেও, এবার সম্পূর্ণ ব্যবসা সম্পন্ন করে ভারতে অফিস বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হল।
ছাঁটাইয়ের পিছনে এআই
ওপেনডোর-এর এই সিদ্ধান্তের পিছনে কর্মীদের কাজের দক্ষতার কোনও ঘাটতি ছিল না। নেজাতিয়ান জানান, বছরের পর বছর ধরে ভারতে একটি বড় টিম তৈরি করা হয়েছিল মূলত বিভিন্ন সিস্টেম বা সফটওয়্যারের মাধ্যমে কাজগুলো সম্পন্ন করার জন্য। কিন্তু বর্তমান প্রযুক্তির যুগে কোম্পানি তাদের সমস্ত সিস্টেমকে এক ছাতার তলায় নিয়ে এসেছে।
কোম্পানি এখন মার্কিন যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত ছোট ছোট টিম নিয়োগ করেছে, যারা সরাসরি গ্রাহকদের পরিষেবা দিতে সক্ষম। এআই টুল ও অটোমেশনের ব্যবহারের ফলে এখন আগের চেয়ে অনেক কম লোকবল দিয়ে আরও নিখুঁত ও দ্রুত কাজ করা সম্ভব হচ্ছে। নেজাতিয়ানের ভাষায়, 'ওপেনডোর ২.০ কর্মী সংখ্যার দিক থেকে অনেক ছোট কোম্পানি হবে, কিন্তু কাজের প্রভাব বা ইমপ্যাক্টের দিক থেকে অনেক বড় হবে।'
কর্মীদের জন্য ক্ষতিপূরণ
হঠাৎ চাকরি হারানো ভারতীয় কর্মীদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে ওপেনডোর। ক্ষতিগ্রস্ত কর্মীদের জন্য বিশেষ ট্রানজিশন প্যাকেজ, আর্থিক ক্ষতিপূরণ (Severance pay), এবং নতুন চাকরি খোঁজার জন্য ‘আউটপ্লেসমেন্ট’ পরিষেবার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া কাজ পুরোপুরি হস্তান্তরের সুবিধার্থে ছোট একটি দল সাময়িকভাবে কিছুদিন কাজ চালিয়ে যাবে।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, সিইও কাজ নেজাতিয়ান অন্য সংস্থাগুলোর কাছে এই ছাঁটাই হওয়া কর্মীদের নিয়োগের জন্য জোর সুপারিশ করেছেন। এক্স-এ তিনি লেখেন, 'ভারতে যদি কোনও কোম্পানি থাকে এবং আপনারা কর্মী নিয়োগ করতে চান, তবে জেনে রাখুন এরা চমৎকার পেশাদার। একে আমার রেফারেন্স লেটার হিসেবে গণ্য করে আপনারা এদের নিয়োগ করতে পারেন।'
ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
ওপেনডোরের এই ঘটনা ভারতের বিশাল আইটি এবং আউটসোর্সিং (BPO/KPO) শিল্পের জন্য বড় সতর্কবার্তা হিসেবেই দেখছেন বাজার বিশেষজ্ঞরা। দীর্ঘদিন ধরে পশ্চিম বিশ্বের দেশগুলো কম খরচে দক্ষ জনশক্তির জন্য ভারতের ওপর নির্ভর করত।
কিন্তু ফ্রন্টিয়ার এআই মডেলের অভাবনীয় উন্নতির ফলে এখন উন্নত দেশগুলো ভারতেই কাজ পাঠানোর (Offshoring) পরিবর্তে নিজেদের দেশে এআই টিম (Onshoring) গঠনে আগ্রহী হচ্ছে। এই প্রবণতা ভবিষ্যতে আইটি ক্ষেত্রে কর্মসংস্থানের ধরণ বদলে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)