)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মার্কিন মুলুকে ভারতীয় বৃদ্ধের উপর নির্মম অত্যাচার। তাঁকে এমন বেধড়ক মারধর করা হয় যে, তিনি কোমায় চলে গিয়েছেন। ঘটনার সূত্রপাত কোথা থেকে, কেনই বা বৃদ্ধের উপর এই নির্মম অত্যাচার করা হয়, সব জানব বিস্তারিত।
ঘটনাটি ঘটে ৪ অগাস্ট। আক্রান্ত বৃদ্ধ হরপাল সিং প্রতিদিনের মত বিকেলে ওইদিন নিজের গুরুদ্বারের কাছাকাছি হাঁটতে বেরিয়েছিলেন। আচমকাই সেই সময় তাঁর উপর হামলা। এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি গলফ ক্লাব দিয়ে নৃশংস আক্রমণ করে। ঘটনাটি ঘটে লস অ্যাঞ্জেলসের ল্যাঙ্কারশিম বুলেভার্ড এলাকায়।
জানা গিয়েছেন, আক্রান্ত হরপাল সিং বেঁচে গেলেও তাঁর অবস্থায় গুরুতর। বর্তমানে তিনি থা বলতে পারছেন না এবং তাঁর মস্তিষ্কে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হচ্ছে বলে জানা গিয়েছে। যার ফলে তিনি এখন কোমায় আছেন। হরপালের ভাই ড. গুরদিয়াল সিংহ রন্ধওয়া জানিয়েছেন, তাঁর মুখের হাড় ভেঙে গিয়েছে এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় তিনবার অস্ত্রোপচার করা হয়েছে। তাঁকে বর্তমানে ওষুধ দিয়ে কোমায় রাখা হয়েছে।
এই নৃশংস হামলার একটি মর্মান্তিক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায় আহত হরপাল সিংহ রাস্তায় বসে আছেন, চারপাশে রক্ত। হামলার জন্য ব্যবহৃত গলফ ক্লাবটি তাঁর পায়ের কাছে পড়ে আছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এক শক্তপোক্ত গড়নের ব্যক্তি সাইকেলে করে এসে হরপাল সিংয়ের কাছে আসে। এবং কোনও কারণ ছাড়াই গলফ ক্লাব দিয়ে আক্রমণ করতে শুরু করে। সিসিটিভি ফুটেজে পুরো ঘটনাটি ধরা পড়ে।
ইতোমধ্যেই পুলিস জানিয়েছে, এই ঘটনায় একজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। তবে লস অ্যাঞ্জেলস পুলিস ডিপার্টমেন্ট বলেছে, তারা ঘটনাটিকে ঘৃণাজনিত অপরাধ (hate crime) হিসেবে তদন্ত করছে না।
এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে লস অ্যাঞ্জেলস সিটি কাউন্সিলের ডিস্ট্রিক্ট ৭-এর কাউন্সিল সদস্য মনিকা রদ্রিগেজ বলেন, 'আমাদের সম্প্রদায়ের একজনের উপর হামলা মানেই আমাদের সবার উপর হামলা।' সোমবার, নর্থ হলিউডের শিখ সম্প্রদায়ের সদস্যরা একত্রিত হয়ে বিক্ষোভ করেন এবং পুলিসের নিরাপত্তা বাড়ানোর দাবি জানান। তারা একটি প্রার্থনা সভাও করেন। 'এই ঘটনা ঘটল, আর কেউ থামাতে এল না, যতক্ষণ না ড. সিংহকে গুরুতর অবস্থায় ফেলে রাখা হলো — এটা আমাদের সম্প্রদায়ের মধ্যে গভীর ভয় সৃষ্টি করেছে,'- বলেন শিখ কোয়ালিশনের লিগ্যাল ডিরেক্টর মুনমীথ কউর।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)