)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পিকআপ ভ্যানের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ভয়ংকর পরিণতি হল ৩৭ বাস যাত্রীর। ঘটনাস্থলেই নিহত ৩৬ জন। হাসপাতালে মৃত্যু হল আরও এক জনের। দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ আমেরিকার পেরুর চিলি-পেরু প্য়ান আমেরিকান হাইওয়েতে। প্রবল ধাক্কায় বাসটি প্রায় ২০০ মিটার খাদে পড়ে যায়। আহত হয়েছেন ২৪ জন। এদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী অভিষপ্ত বাসটি পেরুর কারাভেলি প্রদেশের চালা শহর থেকে দেশের দ্বিতীয় বৃহত্তম শহর আরেকুইপা যাচ্ছিল। বাসটিতে ছিলেন বয়স্ক ও শিশু-সহ ৬০ জনের বেশি যাত্রী।
আরেকুইপার আঞ্চলিক স্বাস্থ্যপ্রধান ওয়ালথার ওপোর্তো বলেছেন, বাসটি ওই মহাসড়কে এক পাহাড়ি রাস্তায় বাঁক নেওয়ার সময়ে পিকআপ ভ্য়ানের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের পর পাহাড়ি রাস্তা থেকে দোতলা বাসটি ২০০ মিটার গভীর নদীর খাদে পড়ে যায়।
ওপোর্তো এএফপিকে বলেন, ৩৭ জনের প্রাণহানি ও ২৪ জন আহত হওয়ার তথ্য জানা গেছে। দুর্ঘটনায় আহত কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
দ্রুতগতিতে গাড়ি চালানো, রাস্তার খারাপ অবস্থা, সাইনবোর্ডের অভাব ও কর্তৃপক্ষের অবহেলার কারণে পেরুতে প্রায়ই মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। তবে বুধবার পেরুর ওই দুর্ঘটনা সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনার একটি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)