)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রবিবার গভীর রাতে দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গের অদূরে চলল গুলির। একাধিক এরকম ঘটনায় বেকার্সডাল এলাকায় প্রাণ হারালেন ৯ জন। আহত কমপক্ষে ১০। নির্বাচার গুলি চালিয়ে ধীরে সুস্থে পালাল হামলাকারীরা। তাদের ধরতে ম্যানহান্ট শুরু করেছে পুলিস। কিন্তু কারও টিকি ছুঁতে পারেনি পুলিস।
দক্ষিণ আফ্রিকার পুলিসের তরফে এক সোশ্যাল মিডিয়ার পোস্টে বলা হয়েছে, ক্রাইম ডিটেকশন ট্রেসিং ইউনিট ওই ঘটনার তদন্ত শুরু করেছে। খুনিদের খুঁজতে ম্যানহান্ট শুরু হয়েছে। ওই ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে, ১০ জন আহত হয়েছেন।
পুলিস বলছে, এখনওপর্যন্ত ওই গুলি চালনার ঘটনায় ১২ জনকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে। দুটি গাড়ি চেপে এসে তারা গুলি চালিয়ে দিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, হামলাকারীরা কোনও বাচবিচার না করেই গুলি চালাচ্ছিল। কেউ বাধা দেওয়ার ছিল না।
বেকার্সডাল এলাকার ওই ঘটনায় নতুন কিছু তথ্য সামনে আসছে। পুলিস জানিয়েছে, হামলাকারীরা কেবল গুলি চালিয়েই ক্ষান্ত হয়নি, মানুষ হত্যার পর তারা লুটপাঠও করেছে। গুলি করার পর প্রতিটি মানুষকে তল্লাশি করে তাদের ফোনসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। একটি বারের ভেতরে তিনজনকে হত্যা করা হয়। বাকিদের ওপর তখন গুলি চালানো হয় যখন তারা জীবন বাঁচাতে পালানোর চেষ্টা করছিলেন। এমনকি ঘটনাস্থল ছেড়ে যাওয়ার সময়ও বন্দুকধারীরা এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে।
পুলিসের তরফে আরও বলা হয়েছে, তাম্বো সেকশনে হামলাকারীরা হামলা চালায় রাত একটা নাগাদ। একটি সাদা কোম্বি ও রুপোলি সেডান গাড়িতে চড়ে এসেছিল ১২ বন্দুকবাজ। গাড়ি থেকে নেমেই তারা বিনা বাধায় গুলি চালাতে শুরু করে। একটি গাড়ির খোঁজ পাওয়া গিয়েছে।
ডিসেম্বরের শুরুতেই প্রিটোরিয়ায় একটি গুলিচালনার ঘটনা ঘটে। সেই ঘটনায় ১২ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ছিল ৩, ১২ এবং ১৬ বছর বয়সী তিনজন। ওই ঘটনায় আরও ১৩ জন আহত হন। দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানী প্রিটোরিয়ার সাউলসভিল এলাকার একটি হোস্টেলের ভেতরে থাকা একটি বারে এই হত্যাকাণ্ড ঘটে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে দেশটিতে প্রতিদিন গড়ে ৬৩ জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এসব মৃত্যুর বেশিরভাগই ব্যক্তিগত বিরোধের জেরে ঘটেছে। তবে ডাকাতি এবং গ্যাং-সংক্রান্ত সহিংসতাও এই উচ্চ মৃত্যুর হারের পেছনে বড় কারণ।
দক্ষিণ আফ্রিকা বিশ্বের সর্বোচ্চ হত্যাকাণ্ডের হার থাকা দেশগুলোর মধ্যে অন্যতম। ২০২৪ সালে সেখানে ২৬,০০০-এর বেশি খুনের ঘটনা রেকর্ড করা হয়েছে, যার অর্থ হলো প্রতিদিন গড়ে প্রায় ৭০ জন মানুষ সেখানে প্রাণ হারাচ্ছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)