)
সেলিম রেজা, ঢাকা: বাংলাদেশের সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় যাত্রীবাহী নৌকা ডুবে তিন শিশু-সহ পাঁচজনের মৃত্যু ঘটেছে। শনিবার রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার বেইলি ইউনিয়নের মদনা গ্রামের পাশে সুরমা নদীতে এই দুর্ঘটনা ঘটে।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
নিহতেরা হলেন-- বাংলাদেশের জামালগঞ্জ উপজেলার বেহেলি ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের তাপন চক্রবর্তীর স্ত্রী বিউটি চক্রবর্তী (৪০), নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার হাতনি গ্রামের নিরদ সরকারের স্ত্রী কল্পনা রানি সরকার (৫০), হাতনি গ্রামের নিরেন সরকারের মেয়ে জয়িতা সরকার (৬), নেত্রকোণার কলমাকান্দা উপজেলার ভাটিপাড়া গ্রামের সুজিত সরকারের মেয়ে গঙ্গাঁরানি সরকার (৮)। অপর এক নিহত শিশুর নাম-পরিচয় এখনও জানা যায়নি।
এ ঘটনায় সৌরভ সরকার (৬) নামে এক শিশুকে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাংলাদেশ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জেলার মধ্যনগর উপজেলা থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা ৭০ জন যাত্রী এবং প্রচুর মালামাল নিয়ে জামালগঞ্জ উপজেলা শহরে আসছিল।
অতিরিক্ত যাত্রীবহনের কারণে সুরমা নদীতে নৌকাটি ডুবে যায়। অনেক যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও পাঁচজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। নিহতদের সবাই বাংলাদেশের নেত্রকোণা জেলার বিভিন্ন উপজেলা থেকে জামালগঞ্জ উপজেলার বেহেলি ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে আত্মীয়বাড়ি বেড়াতে এসেছিলেন।
বাংলাদেশের জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জি ২৪ ঘন্টার বাংলাদেশ প্রতিনিধিকে টেলিফোনে জানান, 'এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।'
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)