Bangladesh Prison Security Concern: কারাগারে নিরাপত্তা ব্যাবস্থা নিয়ে উদ্বেগ! বাড়ছে জেল ভাঙার আশঙ্কা...
Bangladesh: বাংলাদেশের কারাগারগুলোতে বেড়েছে নিরাপত্তাঝুঁকি! জেলঘরে অস্বস্তি, নিরাপত্তা ব্যবস্থাতেও ফাঁক-ফোকর! বদলের বাংলাদেশে সম্প্রতি বিচারের জন্য কারাগার থেকে আদালতে নেওয়ার পথে...
সেলিম রেজা: বদলের বাংলাদেশে সম্প্রতি বিচারের জন্য কারাগার থেকে আদালতে নেওয়ার পথে কয়েক দফা জনরোষের শিকার হয়েছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও এমপি।
TRENDING NOW
আবার কারাগারের ভেতর সুবিধা না থাকায় অনেক ভিআইপি বন্দিকে ডিভিশনও দেয়া সম্ভব হচ্ছে না। এ পরিস্থিতিতে তাদের আটক রাখতে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারকে অন্তর্বর্তী সরকার বিশেষ কারাগার হিসেবে ঘোষণা করে। তার জন্য গঠন করা হয়েছে জেলার, সুপার থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কাঠামোও। কিন্তু সবকিছু প্রস্তুত থাকার পরও পূর্বনির্ধারিত দিনে শুরু করা যায়নি ভিআইপি বন্দি হস্তান্তর প্রক্রিয়া। এমনকি এখনও এর কোনো সম্ভাবনা দেখছেন না বলে জানিয়েছেন বাংলাদেশের কারা কর্মকর্তারা। এতে বন্দিদের নিরাপত্তাঝুঁকি বেড়েছে বলে মনে করছেন তাদের স্বজন ও আইনজীবীরা।
অর্থ আত্মসাৎ, পাচার, হত্যাসহ নানা মামলায় আসামি হয়ে বাংলাদেশের কারাগারে বর্তমানে ভিআইপি বন্দি রয়েছেন মোট ১৫৩ জন। এর মধ্যে সবচেয়ে বেশি বন্দি আছেন ঢাকা বিভাগের কারাগারে। এসব বন্দির মধ্যে গত সপ্তাহে বাংলাদেশের নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে আইনমন্ত্রী আনিসুল হকের ওপর হামলা হয়।
তার আগেও বেশ কয়েক দফা পতিত সরকারের সাবেক এ মন্ত্রী জনরোষের শিকার হয়েছেন। ঢাকার সিএমএম কোর্টে রিমান্ড শুনানি শেষে গত সপ্তাহে কারাগারে নেয়ার পথে আদালত প্রাঙ্গণে হামলার শিকার হয়েছিলেন সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি এবং সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। এছাড়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প উপদেষ্টা সালমান এফ রহমানও আদালত চত্বরে হেনস্তার শিকার হয়েছেন। এসব ঘটনা নিয়ে তীব্র সমালোচনার মধ্যে বিশেষ কারাগার স্থাপনের সিদ্ধান্ত জানায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।
বাংলাদেশের কারা অধিদফতরের হিসাব অনুযায়ী, ঢাকা বিভাগের কারাগারগুলোয় ১৩০ ভিআইপি বন্দি রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মন্ত্রী শাজাহান খান, অ্যাডভোকেট কামরুল ইসলাম, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সাধন চন্দ্র মজুমদার, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়।
সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, পুলিস সুপার (সাময়িক বরখাস্ত) তানভীর সালেহ ইমন, সাবেক পুলিস কর্মকর্তা মহিউদ্দিন ফারুকী, সাময়িক বরখাস্তকৃত পুলিস কর্মকর্তা শাহেন শাহ ও সাবেক সহকারী পুলিশ কমিশনার তানজিল আহমেদসহ পুলিসের আরও বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাও রয়েছেন এসব কারাগারে। এছাড়া ঢাকা বিভাগের কারাগারগুলোয় রয়েছেন বিতর্কিত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান, নৌবাহিনীর সাবেক রিয়ার অ্যাডমিরাল মো. সোহাইল, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু সুর চৌধুরীসহ অনেকে।
ঢাকার বাইরে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কারাগারে ভিআইপি বন্দি রয়েছেন ৯ জন করে। এছাড়া বাংলাদেশের রাজশাহী, রংপুর, খুলনা বিভাগে তিনজন করে ভিআইপি বন্দি রয়েছেন। এর বাইরে বরিশাল বিভাগের কারাগারে ভিআইপি বন্দি রয়েছেন একজন। এসব বন্দির মধ্যে অনেকে আবার বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্তও হয়েছেন। কারও কারও বিচার কার্যক্রম চলমান।
তাদের নিরাপত্তাসহ সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারকে বিশেষ কারাগার ঘোষণা করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে কারাগারটিতে জেলার ও জেল সুপারসহ প্রয়োজনীয় প্রশাসনিক কাঠামো গঠন করা হয়েছে। বন্দিরা কারাবিধি অনুযায়ী সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন। বিশেষ কারাগারে ভিআইপি বন্দিদের জন্য আলাদা কক্ষের ব্যবস্থা রয়েছে। থাকছে বিশেষ খাবারের ব্যবস্থাও। কিছু ক্ষেত্রে ভিআইপি বন্দিদের ব্যক্তিগত কাজের লোকও দেয়ার ব্যবস্থা রয়েছে। এছাড়া খবরের কাগজ পড়ার সুযোগ এবং সপ্তাহে একদিন ১০ টাকার বিনিময়ে মোবাইলে কথা বলার সুযোগও রয়েছে বন্দিদের জন্য। তবে সবচেয়ে বড় যে সুবিধাটি বিশেষ কারাগারে থাকছে, তা হলো উন্নত চিকিৎসা ও সার্বক্ষণিক স্বাস্থ্যসেবা।
বাংলাদেশ পুলিসের এআইজি (প্রিজনস) জান্নাতুল ফরহাদ জি ২৪ ঘন্টার বাংলাদেশ প্রতিনিধিকে টেলিফোনে বলেন, ‘ডিভিশনপ্রাপ্ত ভিআইপি বন্দিদের মধ্যে কিছু বন্দিকে ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কারাগারে নেয়া হবে। হস্তান্তর প্রক্রিয়ায় সম্ভাব্য দিন পহেলা জুন থাকলেও কিছু কাজ বাকি থাকায় তা সম্ভব হয়নি। আশা করা যাচ্ছে, ঈদুল আযহার পরপরই ভিআইপি বন্দিদের বিশেষ কারাগারে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে। তবে সব ভিআইপি বন্দিকে বিশেষ কারাগারে নেয়া হবে না।’
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
Rajat Mondal
বিজ্ঞানের স্নাতক। কর্মজীবনের শুরু ওষুধ শিল্পে। পরে পেশা বদলে সাংবাদিকতায়। রাজনীতি, পরিবেশ-প্রযুক্তি এবং স্বাস্থ্য-- পছন্দের বিষয়। আসলে anything under the Sun is NEWS-- বিশ্বাস এই গুরুমারা বিদ্যায়। বিশদে জানতে গুগল করুন প্লিজ। ...Read More
LIVE