Rail News | Dhaka: মেডিকেল কলেজ হাসপাতালের পুলিস ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ঢাকার উত্তরা থেকে আহত অবস্থায় এক তরুণকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন

সেলিম রেজা, ঢাকা: রাজধানী ঢাকার উত্তরা পূর্ব থানা এলাকায় সেলফি তোলার সময় টঙ্গীগামী একটি ট্রেনেক ধাক্কায় এক তরুণ ও এক তরুণী নিহত হয়েছেন। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
শনিবার রাত নয়টার দিকে গুরুতর আহত অবস্থায় ওই তরুণকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর ওই তরুণী ঘটনাস্থলেই মারা যান।
ওই তরুণকে হাসপাতালে নিয়ে আসা শুভ নামে নামের এক ব্যক্তি জানান, ঢাকার উত্তরা পূর্ব থানার ৮ নম্বর সেক্টরের শেষ মাথায় রেল ক্রসিংয়ে ওই তরুণ-তরুণী রেললাইন দিয়ে হাঁটছিল এবং তারা সেলফি তুলছিল। এ সময় একটি আন্তনগর রেল ঢাকার দিকে এবং একটি রেল টঙ্গীর দিকে যাচ্ছিল। ওই রেল দুটি ক্রসিং করার সময় টঙ্গীগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ওই তরুণী মারা যায়। আর গুরুতর আহত অবস্থায় ওই তরুণকে প্রথমে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিস ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ঢাকার উত্তরা থেকে আহত অবস্থায় এক তরুণকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। ওই তরুণকে হাসপাতালে নিয়ে আসা শুভ নামে এক যুবক জানায় ঘটনাস্থলে এক তরুণীও মারা গেছে। বিষয়টি আমরা ঢাকার রেলওয়ে থানা পুলিসকে জানিয়েছি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)