)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বছর শেষের লগ্নে ভয়ানক রক্তপাতের ঘটনা ঘটল। মর্মান্তিক এক ট্রেন দুর্ঘটনায় (Deadly Train Accident) মৃত্যু হল কমপক্ষে ১১ জনের। কোথায় ঘটল? আজ, বৃহস্পতিবার সকালে চিনের দক্ষিণাঞ্চলীয় ইউনান প্রদেশে (Kunming capital of Yunnan province) এই ট্রেন দুর্ঘটনাইয় মৃত্যু হয় কমপক্ষে ১১ জনের। আহত আরও ২ জন।
২০১১-র পরে...
চিনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে এই ভয়াবহ রেলদুর্ঘটনার পরই রেলের শীর্ষ কর্মকর্তা এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যান। তাঁরা আহতদের উদ্ধারকাজও শুরু করে দেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তদন্ত চলছে। ২০১১ সালের ট্রেন দুর্ঘটনার পরে এটি সেখানকার দ্বিতীয় বৃহত্তম রেলদুর্ঘটনা বলে জানা গিয়েছে। আগের ঘটনায় অন্তত ৪০ জন মারা গিয়েছিলেন।
৫৫৫৩৭ নম্বর
৫৫৫৩৭ নম্বর ট্রেনটি ভূকম্পন যন্ত্র পরীক্ষা করার জন্য ছুটে যাচ্ছিল। সেই সময়ে রেললাইনে বসে কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক। কুনমিং লুওয়াং টাউন স্টেশনের ভেতরে একটি বাঁক পেরোনোর সময় ট্রেনটি হঠাৎ শ্রমিকদের পিষে দেয়। মুহূর্তের মধ্যেই ঘটে যায় মর্মান্তিক এই দুর্ঘটনা। দুর্ঘটনার পরপরই রেলওয়ে এবং স্থানীয় প্রশাসন জরুরি উদ্ধার-অভিযান শুরু করে দেয়। কুনমিং রেলওয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছে। সেই পোস্টে তারা নিহতদের এবং তাঁদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে। দুর্ঘটনার কারণ জানতে গঠন করা হয়েছে বিশেষ কমিটি।
বিশ্বের বৃহত্তম রেল নেটওয়ার্কে
চিন বিশ্বের বৃহত্তম রেল নেটওয়ার্ক! দেশ জুড়ে ১,৬০,০০০ কিমিরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত তার রেলপরিষেবা। বছরে কোটি কোটি যাত্রী পরিবহণ করে চিনের ট্রেন। ২০১১ সালে, ঝেজিয়াং প্রদেশে একটি দুর্ঘটনায় ৪০ জন নিহত হন। ২০২১ সালে, গানসু প্রদেশেও একটি ট্রেনের ধাক্কায় ন'জন মারা গিয়েছিলেন। তারপর এই ২০২৫-এর নভেম্বর।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)