)
অয়ন শর্মা: শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ জুড়ে অরাজকতা শুরু হয়েছে। এবার এই তালিকায় নতুন সংযোজন ঢাকা মেডিক্যাল কলেজ। আবাসনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের চাপে অনির্দিষ্টকালের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে রাজনৈতিক অস্থিরতা তো আছেই, তার সঙ্গে বাংলাদেশে এবার শুরু হবে স্বাস্থ্য ব্যবস্থায় বিপর্যয়। আর তার প্রভাব পড়বে সে দেশের সাধারণ মানুষের উপর।
জানা গিয়েছে, শনিবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে রবিবার দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে বলা হয়েছে। এক নির্দেশিকায় কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম জানিয়েছেন, রবিবার (২২ জুন) থেকে ঢাকা মেডিক্যাল কলেজের এমবিবিএস ছাত্র-ছাত্রীদের অ্যাকাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের পেশাগত এমবিবিএস পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং বিদেশি শিক্ষার্থীরা এই নির্দেশের বাইরে রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ছাত্র বিক্ষোভ ও গণ অভ্যুত্থানের জেরে প্রাণ বাঁচাতে যেদিন দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা। সেই দিনকেই এবার বাংলাদেশের জাতীয় ছুটি বলে ঘোষণা করছে ইউনূসের অন্তবর্তীকালীন সরকার। ২০২৫ সালের ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে সরকারি ছুটির দিন ঘোষণা করা হচ্ছে।
ঢাকায় সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, 'এখন থেকে ৫ আগস্ট সরকারি ছুটি পালন করা হবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন দিবস জাতীয় দিবস হিসেবে সিদ্ধান্ত নেওয়া হবে।' তাঁর কথায়, গত বছর শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে যেভাবে সারা দেশ ঐক্যবদ্ধ হয়েছিল, সেই আন্দোলনকে সম্মান জানিয়ে এই কর্মসূচি পালন করা হবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)