Bangladesh Rath Yatra: পদ্মাপারে রথযাত্রা উৎসব! অগ্নিহোত্র যজ্ঞের মধ্য দিয়ে ঢাকায় শুরু শুভ রথযাত্রা, মহোৎসবের আনুষ্ঠানিকতায়...

Bangladesh Rath Yatra: রথ উপলক্ষে ঢাকায় ইসকনের ন'দিন ধরে নানা অনুষ্ঠানের আয়োজন হয়েছে। হরিনাম সংকীর্তন, অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনাসভা, শোভাযাত্রা, পদাবলী কীর্তন, আরতি কীর্তন, শ্রীমদ্ভাগবত গীতাপাঠ, ভগবতকথা, ধর্মীয় চলচ্চিত্র প্রদর্শন ও নাটক মঞ্চায়ন। জমজমাট ঢাকা!

সৌমিত্র সেন | Updated By: Jun 28, 2025, 06:08 PM IST
Bangladesh Rath Yatra: পদ্মাপারে রথযাত্রা উৎসব! অগ্নিহোত্র যজ্ঞের মধ্য দিয়ে ঢাকায় শুরু শুভ রথযাত্রা, মহোৎসবের আনুষ্ঠানিকতায়...

সেলিম রেজা, ঢাকা: সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রীশ্রীজগন্নাথদেবের (Jagannath Dev) রথযাত্রা উৎসব (Rath Yatra) শুরু হয়েছে। শুক্রবার রাজধানী ঢাকার স্বামীবাগ ইসকন মন্দির (Dhaka ISKCON) থেকে বিকেল ৪ টার দিকে এই রথযাত্রা শুরু হয়। রথযাত্রাটি রাজধানী ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে (Dhakeshwari National Temple) গিয়ে শেষ হয়। আগামী ৫ জুলাই বিকেল ৪টায় ঢাকেশ্বরী মন্দির হতে শুরু হয়ে ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বামীবাগ ইসকন মন্দিরে এসে শেষ হবে উল্টো রথযাত্রা। উল্টোরথযাত্রার মধ্যে দিয়ে এ বছরের রথযাত্রা শেষ হবে।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: Sikkim Earthquake: ভয়াবহ! কেঁপে উঠল পাহাড়, দুলে উঠল মাটি! সিকিমের কম্পনে আতঙ্কে বাংলা! ধ্বংসের চেহারাটা কেমন?

আরও পড়ুন: Puri Rath Yatra 2025: জগন্নাথ মাসির বাড়ি যেতে না পারায় গেল-গেল রব পুরীতে! কে এই জগন্নাথের মাসি? কেন তাঁর কাছে যান প্রভু?

ঢাকার স্বামীবাগ ইসকন মন্দির প্রাঙ্গণে ঢল

ধর্মীয় এই উৎসব ঘিরে রাজধানী ঢাকার স্বামীবাগ ইসকন মন্দির প্রাঙ্গণে ঢল নেমেছে লাখো সনাতন ধর্মাবলম্বী মানুষের। রথযাত্রা ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি জোরদারে পাহারায় রয়েছে পুলিস-সহ বাংলাদেশের বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এদিকে, ইসকন বাংলাদেশ জানিয়েছে, এ বছর ঢাকা-সহ বাংলাদেশের ১২৮টি ইসকন মন্দির ও আশ্রমে রথযাত্রা উৎসবের আয়োজন করা হয়েছে। শুক্রবার ঢাকায় ইসকন স্বামীবাগ আশ্রমে সকাল ৮টায় অগ্নিহোত্র যজ্ঞের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়।
ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী জি ২৪ ঘণ্টাকে জানান, ইসকন ঢাকার স্বামীবাগ আশ্রমে শুক্রবার সকাল ৮টায় বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞের মধ্য দিয়ে শুরু হয় শুভ রথযাত্রা মহোৎসবের আনুষ্ঠানিকতা। দুপুর দেড়টায় আলোচনাসভা শেষে বিকেলে রথের বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করা হয়। আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে ঢাকার ভারতীয় হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি গোকুল ভি কে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী। ঢাকায় রথযাত্রার রুট উল্লেখ করে চারুচন্দ্র দাস জি ২৪ ঘণ্টার বাংলাদেশ প্রতিনিধিকে জানান, ঢাকার স্বামীবাগ আশ্রম থেকে রথযাত্রা শুরু হয়ে জয়কালী মন্দির, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, দৈনিক বাংলা মোড়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট, পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব, কদম ফোয়ারা, হাইকোর্ট মাজার, দোয়েল চত্বর, কেন্দ্রীয় শহিদ মিনার, জগন্নাথ হল, পলাশী মোড় হয়ে ঢাকায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে পৌঁছয়। আগামী ৫ জুলাই বিকেল ৪টায় উল্টোরথের বর্ণাঢ্য শোভাযাত্রা একই পথে বিপরীত দিক থেকে অর্থাৎ ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে স্বামীবাগ আশ্রমে আনা হবে।

ইসকনে ন'দিন

এ ছাড়াও রথযাত্রা উপলক্ষে ঢাকায় ইসকনের নয় দিনব্যাপী অনুষ্ঠানে রয়েছে হরিনাম সংকীর্তন, অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, শোভাযাত্রা, পদাবলী কীর্তন, আরতি কীর্তন, শ্রীমদ্ভাগবত গীতাপাঠ, ভগবতকথা, ধর্মীয় চলচ্চিত্র প্রদর্শন ও নাটক মঞ্চায়ন। অন্য দিকে, পুরনো ঢাকার তাঁতিবাজারের জগন্নাথ জিউ ঠাকুর মন্দির, জয়কালী রোডের রামসীতা মন্দির, শাঁখারিবাজার একনাম কমিটি-সহ রাজধানী ঢাকার বিভিন্ন মন্দির ও বাংলাদেশের বিভিন্ন স্থানে রথযাত্রা উৎসব পালিত হবে। 

কল্যাণ ও মুক্তি

উল্লেখ্য, প্রতি বছর বাংলা বর্ষের আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ উৎসব শুরু হয়। সনাতনদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জগন্নাথদেব জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড। আর নাথ হচ্ছেন ঈশ্বর। এর আলোকে জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। জগন্নাথের অনুগ্রহ পেলে মানুষের কল্যাণ ও মুক্তিলাভ হয়। চিরাচরিত এই বিশ্বাস থেকে রথের উপর জগন্নাথদেবের মূর্তি রেখে তাঁকে সাজিয়ে রথ টেনে যাত্রা করেন সনাতন ধর্ম অনুসারীরা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

...Read More

.