India offered zero tariffs: ভারতের সঙ্গে আমেরিকার ব্যবসায়িক সম্পর্ক কেমন তা নিয়ে লম্বা পোস্ট করে মার্কিন প্রেসিডেন্টের দাবি, ভারত আমেরিকায় বিপুল পণ্য বিক্রি করে। তবে আমেরিকা ভারতে খুব অল্প জিনিসই বিক্রি করতে পারে।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আবার ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। একাধিক ভিত্তিহীন দাবি ও মন্তব্যের পর, সোমবার আবারও ভারতকে নিশানা করলেন মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতীয় পণ্যের ওপর ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত মোট ৫০ শতাংশ শুল্কের চাপে বড়সড় ধাক্কা খেয়েছে ভারতের অর্থনীতি। তাই নাকি ভারত মার্কিন পণ্যে শুল্ক শূন্যে নামাতে চেয়েছে। এদিন এমনই বিস্ফোরক কথা বলে বসলেন রিপাবলিকান নেতা।
এদিন সোশ্যাল মিডিয়ায় ভারতের সঙ্গে আমেরিকার বানিজ্য সম্পর্ক বোঝাতে লম্বা পোস্ট করেন ট্রাম্প। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, তাঁর কাছে নয়া দিল্লির তরফে শুল্ক শূন্য করার আবেদন জানানো হয়েছিল। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছিল। জানান, শুল্ক সংকট মোকাবিলায় ভারত সম্প্রতি সব ধরনের মার্কিন পণ্য আমদানির ওপর শুল্ক হ্রাসের প্রস্তাব দেয়।
ট্রাম্পের মতে, 'এই প্রস্তাব আরও অনেক বছর আগে দেওয়া উচিত ছিল।' এর আগে মার্কিন বানিজ্য উপদেষ্টা পিটার নাভারো ভারতকে শুল্কের মহারাজা বলেও অভিহিত করেছিলেন। ভারতীয় পণ্যের উপর ট্রাম্প ২৫ এবং ২৫ শতাংশ শুল্ক আরোপের সময় তিনি বলেছিলেন, 'ভারতের সঙ্গে দ্বিমুখী সমস্যা রয়েছে। পঁচিশ শতাংশ শুল্ক পারস্পরিক - অন্যায্য বাণিজ্যের কারণে, এবং বাকি ২৫ শতাংশ শুল্ক আরোপের কারণ ভারত রাশিয়া থেকে তেল কিনছে।'
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রধানমন্ত্রী শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করেন, ভারতের সঙ্গে বাণিজ্য একেবারেই “একতরফা বিপর্যয়”। তাঁর অভিযোগ, উচ্চ শুল্কের কারণে আমেরিকা ভারতে কোনও পণ্য বিক্রি করতে পারছে না।
ট্রাম্প লেখেন, '...ওরা আমাদের বিপুল পরিমাণে পণ্য বিক্রি করে, আমরাই তাদের সবচেয়ে বড় ‘ক্লায়েন্ট’। কিন্তু আমরা ওদের কাছে খুব সামান্যই বিক্রি করি — এতদিন এটা পুরোপুরি একতরফা সম্পর্ক ছিল, আর বহু দশক ধরে এমনই চলছে। কারণ, ভারত আমাদের উপর এতদিন ধরে অত্যন্ত উচ্চ শুল্ক বসিয়েছে, যা অন্য যেকোনও দেশের চেয়ে বেশি। এর ফলে আমাদের ব্যবসাগুলি ভারতে পণ্য বিক্রি করতে পারছে না। এটা পুরোপুরি একতরফা বিপর্যয়।'
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)