)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইউরোপে গত বছরের গ্রীষ্মকালে (Europe’s Hottest Summer) প্রচণ্ড গরমে ৬২ হাজারের বেশি মানুষ মারা গিয়েছেন (More than 62000 people died in Europes heatwave)। সোমবারই এ সংক্রান্ত একটি গবেষণা-প্রতিবেদন প্রকাশিত হয়েছে। জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাবের সূত্রে ইউরোপ মহাদেশের জন্য এটিকে ভয়ংকর এক সতর্কবার্তা হিসেবেই দেখছে সংশ্লিষ্ট মহল।
জরুরি সতর্কবার্তা
ওই গবেষণায় বলা হয়েছে, বিশ্ব উষ্ণায়ন গড়ের তুলনায় দ্বিগুণ গতিতে উষ্ণ হচ্ছে ইউরোপ। এরকম চলতে থাকলে জরুরি সতর্কবার্তা ব্যবস্থা চালু করতে হবে। অন্তত সেটুকু হলেও ঝুঁকিপূর্ণ মানুষজন, বিশেষ করে প্রবীণদের প্রাণঘাতী তাপপ্রবাহের আগেই সতর্ক করা সম্ভব হবে।
৬২ হাজার ৭৭৫ মৃত্যু
গবেষণা-নিবন্ধটি প্রকাশিত হয়েছে নেচার মেডিসিন পত্রিকায়। নিবন্ধটিতে বলা হয়েছে, ২০২৪ সালে ইউরোপ এক ব্যতিক্রমী প্রাণঘাতী গ্রীষ্ম পার করেছে। এবং গত তিন গ্রীষ্মও ছিল মর্মান্তিক! ওই তিন বছরের গরমে মোট মৃত্যুসংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮১ হাজারেরও বেশি। গবেষকেরা ইউরোপের ৩২টি দেশের বিভিন্ন অঞ্চলের মৃত্যুর পরিসংখ্যান বিশ্লেষণ করে এই সংখ্যা নির্ধারণ করেছেন।
গত তিন গ্রীষ্মে
এসব অঞ্চলে মোট ৫৩ কোটি ৯০ লাখ মানুষের বসবাস। এ সময় গত বছরের গ্রীষ্মে মৃত্যুসংখ্যা অনুমান করা হয়েছে ৬২ হাজার ৭৭৫। গবেষণার পরিসংখ্যান বলছে, ২০২৩ সালের গ্রীষ্মে ৫০ হাজার ৭৯৮ জন গরমে মারা যান। সে তুলনায় গত বছর ২৫ শতাংশ বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে এটি ২০২২ সালের ৬৭ হাজার ৮৭৩ জনের মৃত্যুর তুলনায় কম।
গ্রিস, ইতালি, সার্বিয়া
গবেষণা অনুযায়ী, গত গ্রীষ্মে গরমের প্রকোপে সবচেয়ে বেশি মানুষ মারা গিয়েছেন ইতালিতে-- আনুমানিক ১৯ হাজার! এর পরে রয়েছে স্পেন ও জার্মানি, যেখানে প্রতিটিতে মৃত্যুসংখ্যা ৬ হাজারের বেশি! দেশের জনসংখ্যা বিবেচনা করলে সর্বোচ্চ হারে মৃত্যু হয়েছে অবশ্য গ্রিসে! সেখানে প্রতি ১০ লাখে ৫৭৪ জন। এর পর রয়েছে বুলগেরিয়া ও সার্বিয়া।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)