Houthi Attack on Israel: গাজায় হামলা বন্ধের দাবিতে রাস্তায় নামলেন কমপক্ষে ৫ লাখ ইসরায়েলি। তেল আবিবের জিম্মি স্কোয়ার ও এর আশপাশের রাস্তাঘাটে প্রায় ৫ লাখ মানুষ সমবেত হয়েছিলেন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইয়েমেন রাজধানী সানার কাছে এক বিদ্যুত্ কেন্দ্রে হামলার পাল্টা। ইসরায়েলের বেন গুরিয়েন বিমানবন্দরে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল হামলা চালাল হুথি বিদ্রোহীরা। হুথির সেনা মুখপাত্র ইয়াইয়া সারেয়া আল মিসিরা টিভিতে দেওয়া এক ভাষণে বলেন, আমরা আমাদের উদ্দেশ্যে সফল। মিসাইল হামলার পর হাজার হাজার ইসরায়েলি পালাচ্ছে। তারা সেল্টারে আশ্রয় নিচ্ছে। বেন গুরিয়েন বিমানবন্দরের উড়ান বন্ধ হয়ে গিয়েছে। ইয়েমেন ইসরায়েলের হামলা ও গাজায় গণহত্যার প্রতিবাদে এই হামলা করা হয়েছে।
ইয়াইয়া আরও বলেন, গাজায় গত দুই বছর ধরে যা চলছে, তা প্রমাণ করে ফিলিস্তিনের ভাইদের রক্ত, আরব ও মুসলমানদের রক্ত ইসরাইলি শত্রুর হাতে ঝরছে। গাজার জনগণের ওপর গণহত্যা, অবরোধ এবং অনাহারের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। ফিলিস্তিনি জনগণের প্রতি ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর অভিযান অব্যাহত থাকবে, যতক্ষণ না যুদ্ধ বন্ধ হয় এবং গাজার অবরোধ প্রত্যাহার করা হয়।
এদিকে, গাজায় হামলা বন্ধের দাবিতে রাস্তায় নামলেন কমপক্ষে ৫ লাখ ইসরায়েলি। তেল আবিবের জিম্মি স্কোয়ার ও এর আশপাশের রাস্তাঘাটে প্রায় ৫ লাখ মানুষ সমবেত হয়েছিলেন। সমাবেশে তারা ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের কাছে থাকা অপহৃতদের মুক্ত করার দাবি জানিয়েছেন ইসরায়েল সরকারের প্রতি। পাশাপাশি তারা যুদ্ধ বন্ধে এক সমন্বিত চুক্তির দাবিও জানিয়েছেন।
জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, শনিবার ইসরায়েলজুড়ে একদিনব্যাপী ধর্মঘট ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে সাধারণ জনগণ ও বিরোধীরা। এর একদিন পর এই সমাবেশ অনুষ্ঠিত হয়। জিম্মিদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে এবং আন্দোলনের প্রতি একাত্মতা পোষণ করে ইসরায়েলের বিভিন্ন শহরে ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ রাখা হয়।
হামাসের কাছে আটকে রয়েছেন রম ব্রাসলভস্কি। তার বাবা ওফির ব্রাসলভস্কি বলেন, দুই সপ্তাহ আগে আমরা রম জীবিত আছে বলে খবর পেয়েছি। রম ক্ষুধার্ত, নির্যাতিত এবং ভীত। জিম্মিরা সময়ের সঙ্গে লড়াই করছে। এই যুদ্ধ থামাতে হবে, উপেক্ষা বন্ধ করতে হবে।
গাজায় আটকে রয়েছেন দ্রর ওর। তাঁর ভাই এলাদ ওর বলেন, কিডন্যাপ হওয়া আমার ৩ ভাগ্নে ২০২৩ সালের চুক্তিতে মুক্তি পেয়েছে। আজ ইসরায়েলিরা আমাদের সঙ্গে দাঁড়িয়ে প্রমাণ করেছে এটি কোনো সাধারণ দিন নয়। ইসরায়েলিরা জিম্মিদের ঘরে ফেরা দেখতে চায় এবং আমরা গাজা দখলের পরিকল্পনার বিরোধী।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)