Trump halts trade talks with India: মস্কোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্কে থাকা দেশগুলির উপর নতুন করে "দ্বিতীয় নিষেধাজ্ঞা" আরোপের বিষয়ে ট্রাম্পের পূর্বের সতর্কবার্তার পরই মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য... ভারতের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, ভারত তার জাতীয় স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেবে।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের ভারতের উপর ট্রাম্প 'বোমা' (Trump bomb)! রফতানির ক্ষেত্রে ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপের (tariff row) পর এবার নয়া মার্কিন হুঁশিয়ারি। শুল্ক বিতর্কের মধ্যেই ভারতের সঙ্গে সব ধরণের বাণিজ্য আলোচনা স্থগিত করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Trump halts trade talks with India)।
নয়া ট্রাম্প 'বোমা'!
রাশিয়া থেকে তেল কেনা নিয়েই আমেরিকার আপত্তি। রাশিয়া থেকে ভারত তেল কেনায় ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত ২৫ শতাংশ, মোট ৫০ শতাংশ, শুল্ক আরোপ করেছে আমেরিকা (Trump impose tarrif on India)। যার তীব্র বিরোধিতা ও নিন্দা করেছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট জানিয়েছেন, এটা অন্যায্য এবং দ্বিচারিতা। ভারত তার স্বার্থ রক্ষার্থে চরম মূল্য দিতেও প্রস্তুত। এরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনার সম্ভাবনা ও প্রস্তাব নাকচ করে দিয়েছেন। যার ফলে বিগত দুই দশকের মধ্যে মার্কিন-ভারত বাণিজ্য উত্তেজনা চরমে পৌঁছেছে।
ট্রাম্পের মন্তব্য
ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের শুল্ক আরোপের পর বাণিজ্য আলোচনা প্রসঙ্গে প্রশ্নের উত্তরে বলেন, "আমরা এটি সমাধান না করা পর্যন্ত নয়।" প্রসঙ্গত, মস্কোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্কে থাকা দেশগুলির উপর নতুন করে "দ্বিতীয় নিষেধাজ্ঞা" আরোপের বিষয়ে ট্রাম্পের পূর্বের সতর্কবার্তার পরই মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য । উল্লেখ্য, ভারতকে রাশিয়ার সঙ্গে সম্পর্কের জন্য কোণঠাসা করার চেষ্টা করা হলেও, অন্য দেশগুলি কিন্তু এখনও রাশিয়ার থেকে জ্বালানি কেনা অব্যাহত রেখেছে।
মোদীর জবাব
এদিকে শুল্ক বৃদ্ধির প্রতিক্রিয়ায় ভারতের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, ভারত তার জাতীয় স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেবে। ভারতের ১.৪ বিলিয়ন মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই সামগ্রিক লক্ষ্য। প্রধানমন্ত্রী মোদী স্পষ্ট করে দেন, তিনি দেশের কৃষকদের পাশে থাকবেন এবং আমেরিকার সর্বোচ্চ শুল্কের চাপ সহ্য করবেন। বলেন, "আমাদের কাছে আমাদের কৃষকদের স্বার্থ-ই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। কৃষক, জেলে ও দুগ্ধ চাষীদের স্বার্থের সঙ্গে ভারত কখনও আপস করবে না।"
ভারত, চিন এবং তুরস্ক রাশিয়ার তেল ক্রয়কারী তিনটি বৃহত্তম দেশ। এখন রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্প ভারতকে 'শাস্তি' দিলেও, চিনা পণ্যের উপর ওয়াশিংটনের ১৪৫% শুল্ক একটি অস্থায়ী যুদ্ধবিরতির কারণে স্থগিত রয়েছে। সেই চুক্তির মেয়াদ অবশ্য ১২ অগাস্ট শেষ হচ্ছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)