Iran Israel War: ২৩০০ কিমি দূরে ইরানের বিমানবন্দরে ক্ষেপনাস্ত্র হামলা ইসরায়েলের। এ যাবত্ এটাই ইসরায়েলের সবচেয়ে দীর্ঘতম হামলা। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বিবৃতিতে জানিয়েছে, এটি ইসরায়েল থেকে প্রায় ১,৪৩০ মাইল (২,৩০০ কিলোমিটার) দূরে অবস্থিত।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইরানের (Iran) উত্তর-পূর্বে অবস্থিত মাশহাদ বিমানবন্দরে জ্বালানি ভরা বিমানে হামলা চালিয়েছে ইসরায়েল। প্রায় ২৩০০ কিলোমিটার দূর থেকে চালানো এ হামলা এখন পর্যন্ত সবচেয়ে দীর্ঘ দূরত্বে হামলা বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
মাশহাদ আন্তর্জাতিক বিমানবন্দরটি তুর্কমেনিস্তানের সঙ্গে ইরানের সীমান্ত থেকে প্রায় ৭০ মাইল দূরে অবস্থিত। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বিবৃতিতে জানিয়েছে, এটি ইসরায়েল থেকে প্রায় ১,৪৩০ মাইল (২,৩০০ কিলোমিটার) দূরে অবস্থিত। রবিবার এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, ‘আইএএফ (ইসরায়েলি বিমান বাহিনী) ইরানের আকাশসীমার ওপর শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার জন্য অভিযান চালাচ্ছে। অভিযান শুরুর পর থেকে এটিই সবচেয়ে দীর্ঘ পাল্লার হামলা।’ এদিকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নিয়ন্ত্রিত সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে মাশহাদে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে, বিমানবন্দরের কোনো ভবন বা রানওয়ের কোনো ক্ষতি হয়নি।
প্রসঙ্গত, ইসরায়েলে রোববার (১৫ জুন) স্থানীয় সময় রাতে ইরানের চালানো ক্ষেপণাস্ত্র তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে সরাসরি আঘাত হেনেছে বলে জানা গেছে। ইরানের সংবাদ সংস্থা মেহের নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।বিবিসি জানায়, ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থাগুলো উত্তর উপকূলীয় বন্দর শহর হাইফার ‘একটি বসতিতে’ ইরানি হামলার খবর পেয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিস। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, ‘এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে সম্পত্তির ক্ষতি হয়েছে।’
হাইফা শহরে চালানো ইরানি হামলার ফুটেজ এবং ছবিতে দেখা গেছে, শহরটির রাতের আকাশ ঘন ধোঁয়ায় ছেয়ে গেছে। ইসরাইলি পুলিসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা জনসাধারণকে দুর্ঘটনাস্থল থেকে দূরে থাকতে এবং ঘটনাস্থলে পুলিশের নির্দেশাবলি মেনে চলতে অনুরোধ করছি।’আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের সশস্ত্র বাহিনী ইসরাইলিদের তাদের নিরাপত্তার জন্য ‘গুরুত্বপূর্ণ এলাকা’ ত্যাগ করতে বলেছে। ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে উল্লেখ করে দেশটির রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত একটি ভিডিও বিবৃতিতে ইসরাইলিদের প্রতি এ আহ্বান জানানো হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)