)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যুদ্ধ আর যুদ্ধ। দেশে দেশে যুদ্ধ। এবার সিরিয়ার ঘরে ঢুকে সিরিয়াকে মেরে এল ইজরায়েল (Israel Hits Syria)। ইজরায়েল বুধবার জানিয়েছে, সিরিয়ার রাজধানী দামাস্কাসে সেনাবাহিনীর সদর দফতরে (Syrian army’s headquarters in Damascus) তারা বিমান হামলা চালিয়েছে। এর আগে তারা ইসলামপন্থী নেতৃত্বাধীন সিরীয় সরকারকে দ্রুজ সংখ্যালঘুদের এলাকা সুয়েইদা থেকে সরে যাওয়ার জন্য সতর্ক করেছিল। সাম্প্রদায়িক সংঘাতে সেখানে এখনও পর্যন্ত প্রায় ২৫০ জন নিহত হয়েছেন বলে পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে। সিরিয়ার সরকারি বাহিনী মঙ্গলবার সংখ্যাগরিষ্ঠ দ্রুজ অধ্যুষিত শহর সুয়েইদায় (Druze-majority city of Suwayda in Syria’s south) প্রবেশ করে। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, এই হামলায় রাজধানী দামাস্কাসে দুজন আহত হয়েছেন।
বেদুইন গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষ
স্থানীয় বেদুইন গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষের পরে দ্রুজ নেতাদের সঙ্গে যেসব যুদ্ধবিরতির চুক্তি হয়েছে, তার তদারকিই তাদের লক্ষ্য বলে জানিয়েছে ইজরায়েল। ওই সংঘর্ষে শতাধিক মানুষ নিহত হয়। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিরীয় সরকারি বাহিনী দ্রুজ যোদ্ধা ও সাধারণ নাগরিকদের উপর বেদুইনদের সঙ্গে মিলে হামলা চালিয়েছে। শহরের ভেতরে তাদের এই তাণ্ডবে রক্তক্ষয়ী হিংসার ছবি দেখা দিয়েছে।
রক্তক্ষয়ী হিংসা
সুয়েইদা প্রদেশ ও দামাস্কাসে এপ্রিল-মে মাসে দ্রুজ যোদ্ধাদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষে শতাধিক মানুষ নিহত হন। এর পর এটিই সিরিয়ায় সবচেয়ে গুরুতর হিংস্রতার ঘটনা। ২০১১ সালের পর থেকে সিরিয়ার ইসলামপন্থী নেতৃত্বাধীন সরকার সংখ্যালঘু ধর্মীয় ও জাতিগত গোষ্ঠীগুলির সঙ্গে টানাপড়েনের সম্পর্ক বজায় রেখেছে।
প্রতিরক্ষামন্ত্রীর হুমকি
ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটজ বলেন, সুয়েইদায় দ্রুজ জনগোষ্ঠীকে সবার আগে ছেড়ে দিক সিরিয়া। আমরা আগেই সতর্ক করেছিলাম, আবারও বলছি, সিরিয়ায় দ্রুজদের আমরা একা ফেলে দেব না। আমরা আমাদের নির্ধারিত অসামরিকীকরণ নীতি কঠোরভাবে প্রয়োগ করব। তিনি সিরিয়ার সরকারি বাহিনীকে সরে যাওয়ার আহ্বান জানান এবং হুঁশিয়ারি দেন, ইজরায়েলের বার্তায় কান না দেওয়া হলে সামরিক জবাব আরও জোরালো হবে। আর এর পরই ইজরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা দামাস্কাসে সিরীয় সেনাবাহিনীর সদর দফতরের প্রবেশপথে হামলা চালিয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)