
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়ংকর! হাড়হিম! নদীতে নেমে নিখোঁজ হয়ে গিয়েছিল একটি মেয়ে (Horrifying Moment in Brazil)। সেই ঘটনা কাভার করতে গিয়েছিলেন এক সাংবাদিক। ঘটনাচক্রে জলে নেমেছিলেন ওই সাংবাদিক। সেখান থেকেই রিপোর্টিংয়ের কাজ করছিলেন। কিন্তু হঠাৎই আতঙ্কে লাফিয়ে উঠলেন তিনি। কেন? তীরে উঠে এসে জানালেন, জলে একটি 'বডি'র উপরই যেন দাঁড়িয়েছিলেন তিনি (Journalist Steps On Missing Girl's Body) বলে মনে হচ্ছে তাঁর! অ্যাঁ! সে কি?
মর্মান্তিক ভাবে কাকতালীয়
হ্যাঁ, ঘটনা প্রায় সেরকমই। কাকতালীয়। কিন্তু বড় মর্মান্তিক সে কাকতালীয় ব্যাপার। যথারীতি সাংবাদিকের কথা শুনে তড়িঘড়ি শুরু হল তল্লাশি। আর তাতেই কাজ হল! ঠিক ওই জায়গা থেকেই উদ্ধার হল কিশোরীর নিথর দেহ।
রাইসার কী হল?
ব্রাজিলের উত্তর-পূর্বের মেয়ারিম নদী এলাকায় এই ঘটনা ঘটেছে। সেখানে নিখোঁজ হয়ে গিয়েছিল বছরতেরোর স্কুলপডুয়া মেয়েটি। নদীতে সাঁতার কাটতে গিয়েছিল সে। তারপর আর তার কোনও খোঁজ পাওয়া যায়নি! জানা গিয়েছিল, বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়েছিল ১৩ বছরের মেয়ে রাইসা। তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। দেহ উদ্ধারের পর ময়নাতদন্ত হয়। তাতে দেখা যায়, দুর্ঘটনাবশতই জলে ডুবেছে সে। তার শরীরে অত্যাচারের কোনও চিহ্ন মেলেনি। কোনও প্রাণীর আক্রমণ বা ওইরকম কোনও কিছুর প্রমাণও মেলেনি।
নদীতে ভয়ংকর অভিজ্ঞতা
তবে মেয়েটি নিখোঁজ হওয়ার পরই ওই ঘটনা 'কাভার' করতে যান স্থানীয় সংবাদিক লেনিল্ডো ফ্রাজাও (Lenildo Frazao)। কাজের মধ্যেই নদীর জলে নেমে সেখানকার গভীরতা দর্শকদের বোঝানোর চেষ্টা করছিলেন তিনি। কিন্তু কথা বলতে-বলতেই আচমকা লাফিয়ে ওঠেন তিনি! আঁতকে উঠে হুমড়ি খেয়ে পড়েন তিনি। হাবুডুবু খান কয়েক সেকেন্ড। নদীর জলও কিছুটা খেয়ে ফেলেন। সে এক ভয়ংকর অভিজ্ঞতা তাঁর।
পায়ের নীচে কীসের স্পর্শ?
খুব স্বাভাবিক ভাবেই পুরো ঘটনাটিরই ভিডিয়ো তোলা রয়েছে। কেননা, পুরোটাই ঘটেছে সাংবাদিকের কাজের অংশ হিসেবে। ক্যামেরাম্যান তখন ক্যামেরার পিছনেই। পরে সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়, আর তা ভাইরালও হয়ে যায়। কী দেখা গিয়েছে সেই ভিডিয়োতে? দেখা গিয়েছে, বুকসমান জলে দাঁড়িয়ে সাংবাদিক লেনিল্ডো। হাতে বুম ধরে ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছেন। হঠাৎই জলে লাফিয়ে ওঠেন তিনি। জলের নীচে তাঁর পা এমন একটা কিছু স্পর্শ করেছে যা স্বাভাবিক নয়! ভীতিপ্রদ পরিস্থিতি থেকে তড়িঘড়ি উপরে উঠে আসেন তিনি।
নগ্ন নির্জন হাত
সাংবাদিক লেনিল্ডো ফ্রাজাও জল থেকে উঠে এসে যা বলেন, তাতে চোখ কপালে ওঠে সকলের। লেনিল্ডো বলেন, 'জলের নীচে কিছু একটা রয়েছে। আমি আর নামব না। ভয় পাচ্ছি। একটা হাত বলে মনে হল। মেয়েটির কি? মাছও হতে পারে। আমি ঠিক বুঝতে পারছি না।' সঙ্গে সঙ্গে ওই জায়গায় তল্লাশিতে নেমে পড়ে দমকল বাহিনী। শেষ পর্যন্ত সেখান থেকেই কিশোরীর দেহ উদ্ধার হয়। ঠিক যে জায়গায় দাঁড়িয়েছিলেন লেনিল্ডো, সেখান থেকেই।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)