)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বহু চেষ্টার পরও কি রোখা যাবে না? আগামী ১৬ জুলাই ইয়েমেনে মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার। তাঁর ফাঁসির বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে ভারতীয় বিদেশ মন্ত্রক। আদতে কেরালার বাসিন্দা নিমিশকে ইয়েমেনের ট্রায়াল কোর্ট মৃত্যুদণ্ড দেয় ২০২০ সালে। দেশের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলও সেই আদেশ বজার রাখে। সময় শেষ হয়ে আসছে। এখন একটিমাত্র উপায় রয়েছে। সেটি হল মৃতের পরিবারকে 'ব্লাড মানি' দিয়ে প্রাণরক্ষা করা। কিন্তু কেন এই ফাঁসির আদেশ? কীভাবে বিষয়টি এতদূর গড়াল? কী করেছিলেন নিমিশা?
বেশি রোজগারের আশায় ২০০৮ সালে ইয়েমেনে চলে যান নিমিশা প্রিয়া। সেখানে একটি হাসপাতালে কাজ শুরু করেন। পরে একাধিক হাসপাতালে কাজ করেন। এরপর ঠিক করেন নিজেই ক্লিনিক খুলবেন।
২০১৪ সালে নিজের ক্লিনিক খোলার চেষ্টা করেন নিমিশা। কিন্তু ইয়েমেনের নিয়ম হল বিদেশিরা কেউ ব্যবসা করতে গেলে দেশিয় কাউকে পার্টনার হিসেবে নিতে হবে। সেই হিসেবে তালাত আবদো মাহদি নামে এক ইয়েমেনিকে পার্টনার হিসেবে নেন নিমিশা।
ব্য়বসা ঠিকঠাকই চলছিল। কিন্তু কিছুদিন পর দুজনের মধ্যে সংঘাত শুরু হয়ে যায়। নিমিশা তালাতের বিরুদ্ধে পুলিসে অভিযোগ করে। তার জেরে তালাতের জেল হয়। এবার জেল থেকে বেরিয়ে আসার পর নিমিশাকে দিনের পর দিন হয়রানি করতে থাকেন তালাত।
নিমিশার অভিযোগ ছিল, তালাত তার পাসপোর্ট কেড়ে নিয়েছিল, ইয়েমেন থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছিল আইনি পথে। নিমিশার পরিবারের দাবি, তালাতের কাছ থেকে পাসপোর্ট-সহ অন্যান্য নথি উদ্ধারের জন্য তালাতকে একবার ঘুমের ইঞ্জেকশন দেয় নিমিশা। কিন্তু তার ডোজ বেশি হয়ে যাওয়ায় মৃত্যু হয় তালাতের। এরপর নিমিশা যখন ইয়েমেন ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন তখন তাকে গ্রেফতার করে পুলিস। এটি ২০১৭ সালের ঘটনা।
এদিকে, গ্রেফতারের পর শুরু হয় নিমিশার বিচারপর্ব। ২০১৮ সালে খুনের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয় নিমিশাকে। ২০২০ সালে নিমিশাকে মৃত্যুদণ্ড দেয় ইয়েমেনের ট্রায়াল কোর্ট। ২০২৩ সালে সুপ্রিম কোর্টও মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখে। ওই বছরের শেষ দিকে মৃত্যুদণ্ডের আদেশে সিলমোহর দেন ইয়েমেনের প্রসিডেন্ট রাসাদ আল আলিমি। এর পর খোলা রয়েছে ব্লাড মানি নেওয়ার বিষয়টি।
মেয়েকে বাঁচানোর জন্য নিজের ঘর, জমি বিক্রি করে দেন নিমিশার মা। পাড়ি দেন ইয়েমেনে। শুরু হয় সেদেশে থাকা ভারতীয়দের ক্রাউড ফান্ডিং। কিন্তু মৃত তালাতের পরিবার সেই ব্লাড মানি নিতে অস্বীকার করে। এখনও গোটা বিষয়টি ওই ব্লাড মানির উপরেই দাঁড়িয়ে রয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)