)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বারবার এক ঘটনা! প্রতি বছরই একই রকম মর্মান্তিক ব্যাপার। ফের নৌকাডুবি নাইজেরিয়ায় (Nigeria)। এবার নাইজেরিয়ার সোকোতো প্রদেশে (Sokoto State) ঘটল এই ভয়ংকর দুর্ঘটনা।
৪০ জনেরও বেশি
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোতো প্রদেশে নৌকাডুবির এই ঘটনায় ৪০ জনেরও বেশি মানুষ নিখোঁজ। সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন, উদ্ধারকারীরা নিখোঁজদের সন্ধানে অভিযান চালাচ্ছে। দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এনইএমএ) রবিবার, ১৭ আগস্ট এক বিবৃতিতে জানিয়েছিল, উদ্ধারকাজে সহায়তার জন্য সোকোতো অঞ্চলের কার্যালয় থেকে একটি বিশেষ দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ৫০ জনের বেশি যাত্রী নিয়ে গোরোনিও বাজারের উদ্দেশ্যে যাত্রা করা নৌকাটি ডুবে যায়! এ ধরনের একটি খবর রটে যাওয়ার পরপরই ঘটনাস্থলে সাড়া পড়ে যায়। বলা হয়, এখনও পর্যন্ত প্রায় ১০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে আরও ৪০ জনের বেশি যাত্রী নিখোঁজ রয়েছেন।
নৌকাডুবি স্বাভাবিক
নৌকাডুবির ঘটনাটি অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে হতে পারে। সোকোতো-সহ নাইজেরিয়ার নদী-তীরবর্তী অঞ্চলে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। নাইজেরিয়ায় নৌকাডুবি খুবই সাধারণ একটা ঘটনা। বিশেষ করে বর্ষাকালে (মার্চ থেকে অক্টোবর), যখন নদী ও হ্রদের জল উপচে পড়ে। এর আগে, গত বছরের অগাস্টে সোকোতো প্রদেশে ধানখেতে যাওয়ার পথে একটি কাঠের নৌকা ডুবে অন্তত ১৬ জন কৃষকের মৃত্যু হয়েছিল।
গত মাসেই বিপর্যয়
শুধু গত মাসেই দেশটিতে একাধিক নৌকাডুবির ঘটনা ঘটে। নাইজার প্রদেশে ১০০ যাত্রী বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ১৩ জন নিহত হন এবং বহু যাত্রী নিখোঁজ হন। তার দুদিন পরে উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিগাওয়া প্রদেশে কৃষিকাজ শেষে বাড়ি ফেরার পথে নৌকাডুবিতে ৬ কিশোরী প্রাণ হারায়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)