)
সেলিম রেজা, ঢাকা: বদলের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মেয়াদ কি ফুরিয়ে আসছে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে পদ্মাপারের দেশে।একদিকে আইনশৃঙ্খলার অবনতি, অপরদিকে রাজনৈতিক বিভ্রান্তি ও সমন্বয়হীনতা—সব মিলিয়ে এক অস্থির সময় পার করছে দেশ। আর এই প্রেক্ষাপটেই উঠে আসছে 'এই সরকারের মেয়াদ কি শেষের দিকে'?
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের চলে যাওয়ার জন্য এখন চিন্তা করার সময় এসেছে, সম্প্রতি এমন মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যও। জি ২৪ ঘন্টার বাংলাদেশ প্রতিনিধিকে তিনি বলেন, 'বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে পরবর্তী সরকার কী পরিমাণ বৈধতা দেবে, তা এখনই চিন্তা করতে হবে। বিশেষ করে যেসব সংস্কার কাজ হাতে নেওয়া হয়েছে, সেগুলোর ব্যাপারে পরিপূর্ণ স্বচ্ছতা প্রয়োজন। এখন এক্সিট পলিসি ঘোষণা করার সময় এসেছে'।
গণঅভ্যুত্থানের পর বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনের প্রতিশ্রুতি দিয়েছিল মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। কিন্তু সেই নতুন বাংলাদেশ কেমন হবে? কীভাবেই-বা দেশ গঠন হবে? আশঙ্কা ছিলই। গত ৯ জুলাই ঢাকার মিটফোর্ড হাসপাতাল সংলগ্ন প্রকাশ্য়ে খুনের ঘটনায় এখন তোলপাড় গোটা দেশ। প্রশ্ন উঠেছে, এই সরকার দায়িত্ব নেওয়ার পর প্রায় ১১ মাস পেরিয়ে গেলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি কেন অব্যাহত?ফলে সরকারের সক্ষমতা ও সদিচ্ছা নিয়েই প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিশ্লেষকরাও।
মানবাধিকার সংগঠনগুলোর তথ্য, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়কালে বাংলাদেশে অন্তত ১৪১ গণপিটুনির ঘটনায় প্রাণ গিয়েছে ৮৩ জনের। খাস ঢাকাতেই নিহত ৪৫। রাজনৈতিক হিংসার বলি ৪৪ জন। ধর্ষণের পরিসংখ্যানও ভয়াবহ। বাংলাদেশের আইন ও সালিশ কেন্দ্রের তথ্য, প্রথম ছয় মাসে বাংলাদেশে ধর্ষণের ঘটনা ঘটেছে ৩৩০টি। যার মধ্যে গণধর্ষণ ছিল ৬৬ এবং ধর্ষণ করে খুন ২২। আন্তর্জাতিক হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির এক বিবৃতিতে বলা হয়েছে, একই সময়ে বাংলাদেশে বাক স্বাধীনতায় হস্তক্ষেপ, বিচার বহির্ভূত হত্যা, সংখ্যালঘু নির্যাতন, সাংবাদিক নিপীড়ন, মাজারে হামলা, শ্রমিক দমন, আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার মতো ঘটনা বেড়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)