Iran US Ceasefire: ইরান এই আলোচনাকে ব্যর্থ ঘোষণা করে জানিয়েছে যে, তাদের দাবি না মানলে হরমুজ প্রণালী বন্ধ থাকবে। মূলত পারমাণবিক অধিকার ও প্রণালী খুলে দেওয়ার বিষয়ে দুই দেশ কোনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তানের সব চেষ্টায় জল ঢেলে দিল ইরান-আমেরিকা। শনিবার বিকেলে ইসলামাবাদে যুদ্ধবিরতি নিয়ে বৈঠকে বসে ইরান ও আমেরিকা। দীর্ঘ ২১ ঘণ্টা ম্যারাথন বৈঠকের পর কোনো সমাধান ছাড়াই পাকিস্তান ছাড়লেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। এই আলোচনা ব্যর্থ হওয়ার পরপরই ইরান সাফ জানিয়ে দিয়েছে যে, তাদের দাবি না মানা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে।
ঘানায় অবস্থিত ইরানি দূতাবাস এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে, ওয়াশিংটন যুদ্ধের মাধ্যমে যা অর্জন করতে পারেনি, তা আলোচনার টেবিলে দাবি করছিল। ইরান সেই প্রস্তাবে সরাসরি 'না' বলে দিয়েছে। দূতাবাসটি আরও জানায়, মার্কিন ভাইস প্রেসিডেন্ট 'খালি হাতেই' দেশে ফিরে যাচ্ছেন এবং তেহরানের সম্মতি ছাড়া তাদের সামনে মুখ রক্ষার আর কোনো পথ নেই।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, 'পুরো আলোচনাটি হয়েছে অবিশ্বাসের আবহে। মাত্র এক দফার বৈঠকে বড় কোনো সাফল্যের আশা করা অবাস্তব।' তিনি জানান, বেশ কিছু বিষয়ে মিল থাকলেও দুটি প্রধান ইস্যুতে মতপার্থক্যের কারণে কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি।
ইরানি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, তেহরান একটি 'যৌক্তিক চুক্তি' না পাওয়া পর্যন্ত হরমুজ প্রণালীর পরিস্থিতি পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। এছাড়া আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে ইরান কোনো তাড়াহুড়ো করছে না বলেও জানানো হয়েছে। মূলত হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক অধিকার-এই দুটি বিষয় ঘিরেই বর্তমানে বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে।
আলোচনা শেষে এক সংবাদ সম্মেলনে জেডি ভ্যান্স বলেন, 'দুর্ভাগ্যবশত আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি। এটি যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্যই বেশি খারাপ খবর। আমরা আমাদের 'রেড লাইন' বা চূড়ান্ত সীমার কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছি।' তিনি আরও যোগ করেন যে, দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ আলোচনা চললেও উপসাগরীয় অঞ্চলে দীর্ঘমেয়াদী শান্তি নিশ্চিত করার মতো কোনো ঐকমত্য তৈরি হয়নি।
ইসলামাবাদে অনুষ্ঠিত এই বৈঠকের লক্ষ্য ছিল সাময়িক যুদ্ধবিরতিকে একটি স্থায়ী শান্তিতে রূপান্তর করা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দ্বিতীয় দফা আলোচনা কবে হবে, তা নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিয়ে চলেছেন, তখন এই সাময়িক যুদ্ধবিরতি কতদিন টিকবে- তা নিয়ে বিশ্বজুড়ে প্রশ্ন উঠছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)