)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ছুটিতে বাবা-মায়ের সঙ্গে বানরের পার্কে (Monkey Forest Sanctuary) ঘুরতে গিয়েছিল কিশোরী। কিন্তু আনন্দ, মজার সেই ভ্রমণ পরিণত হয় দুঃস্বপ্নে। ১২ বছরের ওই কিশোরীকে বাবা-মায়ের চোখের সামনেই আঁচড়ে, কামড়ে, ছিঁড়েখুঁড়ে দেয় বানরের দল। একটি বানর কামড়ে দেয় ওই কিশোরীর ঘাড়ে। যার জেরে ভয়ংকর পরিণতি হয় ওই কিশোরীর।
লরেনা ম্যাকডোনাল্ড নামে অস্ট্রেলিয়ার সিডনির বাসিন্দা ১২ বছরের ওই কিশোরী বাবা-মায়ের সঙ্গে ইন্দোনেশিয়ার বালিতে ছুটি কাটাতে এসেছিল। সেখানে সবাই মিলে উবুদ বানর বন অভয়ারণ্যে যায় ঘুরতে। বেশ মজা হচ্ছিল। বানরের পার্ক উপভোগ করছিল কিশোরীটি। কিন্তু হঠাৎই তাদের আক্রমণ করে বানরের দল।
লরেনার মা ফ্লাভিয়া জানিয়েছেন,"হঠাৎ একটি বানর আমার স্বামীর কাঁধে লাফিয়ে পড়ে... তারপর কয়েক সেকেন্ডের মধ্যে সেই বানরটি আমার স্বামীর কাঁধ থেকে আমার মেয়ের কাঁধে লাফিয়ে পড়ে। বানরটি তার শার্ট, পকেট টেনে ধরতে শুরু করে। টপের কলারের দিকে তাকাতে থাকে। আমি যেই তাড়াতে যাই, অমনি পাঁচ সেকেন্ডের মধ্যে ঘাড়ে কামড়ে দেয়।"
বানরের কামড়ে গুরুতর জখম হয় ওই কিশোরী। সঙ্গে সঙ্গে লরেনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। লরেনাকে জলাতঙ্কের টিকা দেওয়া হয়। যাঁরা ইন্দোনেশিয়ার বালির ওই দ্বীপে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের তাই সাবধান করছেন ফ্লাভিয়া। প্রসঙ্গত, এর আগে ২০১৯ সালেও এরকম বানরের আক্রমণে এক ট্যুরিস্ট ফটোগ্রাফারের গুরুতর জখম হওয়ার ঘটনা ঘটেছিল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)