)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিজের দফতরেই আততায়ীর হাতে খুন রাজনীতিবিদ। অজ্ঞাতপরিচয় বন্দুকধারীর হাতে খুন ৩৮ বছর বয়সী শ্রীলঙ্কার বিরোধী নেতা লাসান্থা বিক্রমাসেকারা। নির্বাচনী এলাকার ভোটারদের সাথে বৈঠক করছিলেন তিনি। সেইসময়ই তাঁর অফিসে ঢুকে গুলি চালায় বন্দুকধারী। একাধিক গুলিতে রক্তাক্ত লুটিয়ে পড়েন ওয়েলিগামার কাউন্সিল চেয়ারম্যান লাসান্থা বিক্রমাসেকারা।
লাসান্থা বিক্রমাসেকারা শ্রীলঙ্কার একজন বিরোধী নেতা। উপকূলীয় শহর ওয়েলিগামার কাউন্সিল চেয়ারম্যান লাসান্থা বিক্রমাসেকারা ভোটারদের সঙ্গে বৈঠক করার সময়ই ঘটনাটি ঘটে। একজন বন্দুকধারী রিভলভার হাতে ঢুকে পড়েন অফিসের ভিতর। তারপর রিভলবার দিয়ে একাধিক গুলি চালায়। যদিও লাসান্থা বিক্রমাসেকারা খুন হওয়া ছাড়া আর কেউ আহত হননি। ওদিকে খুন করেই বন্দুকধারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এক বিবৃতিতে পুলিস জানিয়েছে, "হত্যাকারীকে খুঁজে বের করার জন্য তদন্ত চলছে।" তবে হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। বিক্রমাসেকারা বিরোধী দল সামাগি জানা বালাওয়েগায়া (এসজেবি) দলের সদস্য ছিলেন। ওয়েলিগামা কাউন্সিলের নিয়ন্ত্রণ নিয়ে ক্ষমতাসীন দলের সঙ্গে তীব্র লড়াই চলছে এই এসজবি-র। গত বছর রাষ্ট্রপতি অনুরা কুমারা দিশানায়েকের সরকার ক্ষমতায় আসার পর থেকে এটি প্রথম কোনও রাজনীতিবিদের হত্যা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দ্বীপরাষ্ট্রে।
প্রসঙ্গত রিপোর্ট বলছে, শ্রীলঙ্কায় এই বছর সহিংস অপরাধের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যার বেশিরভাগই মাদক চক্র ও সংগঠিত অপরাধের সঙ্গে যুক্ত। সরকারি পরিসংখ্যানে দেখা গিয়েছে, ১০০ টিরও বেশি ফায়ারিংয়ের ঘটনা ঘটেছে। কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। উল্লেখ্য ফেব্রুয়ারিতেই কলম্বোর আদালত ভবনের ভিতরে আইনজীবীর পোশাক পরা এক বন্দুকধারী ঢুকে একজনকে গুলি করে হত্যা করেছিল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)