)
সেলিম রেজা: রাজধানী ঢাকাতে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে রাস্তা দখল করে একের পর এক কর্মসূচি দিয়ে মাঠে নামছে বিভিন্ন পক্ষ। ঢাকার জাতীয় প্রেস ক্লাব, মৎস্য ভবন, কাকরাইল ও শাহবাগ এলাকায় এসব আন্দোলনের কারণে যানজট লেগে থাকায় ভোগান্তি যেনো নিত্যদিনের সঙ্গী হয়েছে ঢাকাবাসীর।
গত ৫ আগস্টের পর থেকেই কখনো যৌক্তিক আবার কখনোবা ঠুনকো দাবিতে ঢাকার রাজপথে সরব হয়ে উঠছেন আন্দোলনকারীরা। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর রাজপথে দুই শতাধিক আন্দোলন হয়েছে। সাম্প্রতিক সময়ে ঢাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে একের পর এক আন্দোলন নিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে পুলিস প্রশাসনকে।
গত কয়েক দিনের ধারাবাহিকতায় ঢাকার পল্টন, রমনা, শাহবাগ ও মতিঝিল থানা এলাকায় ভয়াবহ যানজট দেখা গেছে। এর কারণ হিসেবে ঢাকার মৎস্য ভবন ও কাকরাইল এলাকায় রাস্তা বন্ধ করে আন্দোলনকে দায়ী করছেন যানবাহন চালক ও ট্রাফিক পুলিসের কর্মকর্তারা।
জি ২৪ ঘন্টার বাংলাদেশ প্রতিনিধিকে ঢাকার ট্রাফিক পুলিসের কর্মকর্তারা জানান, বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে আন্দোলনরত তার সমর্থকরা সকাল থেকে মৎস্য ভবন ও এর আশপাশে আসতে থাকেন। এক পর্যায়ে মৎস্য ভবন ছাড়িয়ে একদিকে কাকরাইল, অন্যদিকে হাইকোর্ট গেট, জাতীয় প্রেস ক্লাব ও শিক্ষা ভবনের আশপাশে বিপুলসংখ্যক লোকসমাগম ঘটে। হাইকোর্টের সামনে কদম ফোয়ারা থেকে মৎস্য ভবন হয়ে শাহবাগ-কাকরাইল, শাহবাগ থেকে মৎস্য ভবন হয়ে কাকরাইল-প্রেস ক্লাব, কাকরাইল চার্চ মোড় থেকে কাকরাইল মসজিদ হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল এবং মৎস্য ভবন হয়ে শাহবাগমুখী যান চলাচল বন্ধ হয়ে যায়। এর প্রভাবে আশপাশের এলাকার সড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় পুরো ঢাকা শহরে তৈরি হয় তীব্র যানজট। এতে সাধারণ যাত্রী ও স্কুল-কলেজে যাতায়াতকারী শিক্ষার্থীসহ সবাই ভোগান্তিতে পড়েন। ‘ঢাকাবাসী’ ব্যানারে টানা এক সপ্তাহ ধরে ঢাকার নগরভবনের সামনের রাস্তা বন্ধ করে আন্দোলন করছেন ইশরাক হোসেনের সমর্থকরা।
বাংলাদেশে সরকারি-বেসরকারি শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ঈদুল আজহার আগেই শতভাগ উৎসব ভাতা, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়াসহ শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে ঢাকায় লংমার্চ টু সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। তবে সচিবালয় অভিমুখে যাত্রায় পুলিশের বাধার মুখে পড়েন তারা। এ সময় আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়।
বাংলাদেশে নির্বাচন কমিশন পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ করছেন সদ্য গঠিত ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। এতে ওই এলাকার সড়কেও যান চলাচলে ধীরগতি দেখা যায়।
এ ছাড়া কয়েক দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের বিচার দাবিতে কর্মসূচি চলমান রয়েছে। ঢাকার শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করে ছাত্রদলের নেতাকর্মীরা। তবে তারা ক্যাম্পাসের মধ্যেই ছিল।
ঢাকা মেট্রোপলিটন পুলিসের ট্রাফিক বিভাগ জানান, ঢাকার রমনা ও শাহবাগ এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলনের কারণে পুরো ঢাকা শহরে যানজট ছড়িয়ে পড়ছে। বিকল্প রাস্তা দিয়ে আটকে থাকা যানবাহন চলাচলের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সড়কে থাকা ট্রাফিক পুলিসের সদস্যরা।
ঢাকা মেট্রোপলিটন পুলিসের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. সারোয়ার জি ২৪ ঘন্টাকে টেলিফোনে বলেন, আন্দোলনকারীরা সড়কে অবস্থানের কারণে ঢাকার শাহবাগ, রমনার পাশাপাশি মতিঝিল থানা এলাকায় সবচেয়ে বেশি যানজটের সৃষ্টি হয়েছে। ঢাকার ব্যস্ততম এক জায়গায় সড়কে যানজট সৃষ্টি হলে সেটি আস্তে আস্তে বিভিন্ন সড়কে ছড়িয়ে পড়ে। ট্রাফিক পুলিস অক্লান্ত পরিশ্রম করে ডাইভারসন রোড দিয়ে গাড়ি চলাচলের ব্যবস্থা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি জানান, ঢাকায় সড়কের তুলনায় ছয় থেকে সাতগুণ যানবাহন বেশি আছে। প্রতিদিন সকাল ও বিকালে যানবাহনের চাপ এমনিতেই সবসময় বেশি থাকে।
মোটরসাইকেলে করে ঢাকার কদম ফোয়ারা হয়ে মৎস্য ভবনের দিকে যেতে চাইছিলেন মারুফ হাসান নামে একজন। তবে হাইকোর্টের আগেই ব্যারিকেড দেওয়ায় যেতে পারছিলেন না।
ক্ষুব্ধ মারুফ হাসান জি ২৪ ঘন্টাকে বলেন, ঢাকা শহরে যাই কিছু হোক এর ফল ভোগ করে সাধারণ মানুষ। বিএনপি নেতা ইশরাকের সঙ্গে উপদেষ্টা আসিফের ঝামেলা। ইশরাকের লোকজন আসিফের বাড়িতে গিয়ে বসে থাকুক। তা না করে রাস্তা বন্ধ করে মানুষকে কষ্ট দিচ্ছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)