)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কম্বোডিয়া-থাইল্যান্ডে ঘোর উত্তেজনা (Thailand Cambodia Conflict)! বোমারু বিমান দিয়ে ভয়ংকর হামলা থাইল্যান্ডের (Thailand launches air attacks on Cambodia)। থাইল্যান্ড-কম্বোডিয়া দুদেশেরই এ বহু পুরনো বিবাদ। মাঝে-মাঝেই লেগে থাকে ঝামেলা। এ তারই জের। এবার সীমান্তে ঘটা তীব্র সংঘর্ষে নিহত ২ সাধারণ নাগরিক।
কম্বোডিয়ায় বোমা-হামলা থাইল্যান্ডের
দুই দেশের বাহিনীর মধ্যে গোলাবর্ষণের পরে কম্বোডিয়ায় যুদ্ধবিমান দিয়ে বোমা হামলা চালাল থাইল্যান্ড। কম্বোডিয়ান ব্যাটালিয়নে বোমা হামলা চালানোর পর সবক'টি থাই এফ-১৬ যুদ্ধবিমান নিরাপদে অক্ষত অবস্থায় দেশে ফিরেছে।
খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোররাতে সীমান্তের বিরোধপূর্ণ অংশে দুই দেশের সেনাদের মধ্যে তুমুল গোলাগুলি শুরু হয়। কম্বোডিয়ার সামরিক বাহিনীর ছোড়া রকেটের আঘাতে দুই থাই নাগরিক নিহত হয়েছেন। এর পরেই ওই অঞ্চলে ফাইটার জেট মোতায়েন করে থাই বাহিনী। থাই সেনার পক্ষ থেকে বলা হয়েছে, তাদের একটি যুদ্ধবিমান কম্বোডিয়ায় গুলিবর্ষণ করেছে এবং সামরিক লক্ষ্যস্থল ধ্বংস করেছে। কম্বোডিয়ার স্পেশাল মিলিটারি রিজিয়ন কমান্ডস ৮ ও ৯ ধ্বংস করে দেওয়া হয়েছে।
নৃশংস ও অবৈধ সামরিক আগ্রাসন
কম্বোডিয়ার জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় এক বিবৃতিতে অভিযোগ করেছে, থাইল্যান্ড কম্বোডিয়ার ভূখণ্ড জোর করে দখলের চেষ্টায় অতিরিক্তসংখ্যক সেনা মোতায়েন করেছে। সেইসঙ্গে ভারী অস্ত্র ব্যবহার করছে এবং বিমান হামলা চালাচ্ছে। কম্বোডিয়ার মন্ত্রণালয় থাইল্যান্ডের এমন পদক্ষেপকে নৃশংস ও অবৈধ সামরিক আগ্রাসন এবং তা রাষ্ট্রসংঘের সনদের স্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। দেশটির আরও অভিযোগ, থাই যুদ্ধবিমান থেকে তাদের নিয়ন্ত্রিত ভূখণ্ডে দুটি বোমা হামলা চালানো হয়েছে।
কম্বোডিয়ার প্রধানমন্ত্রী উবাচ
কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত এই থাই-হামলাকে সশস্ত্র আক্রমণ হিসেবে উল্লেখ করেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি বলেছেন, কম্বোডিয়া শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের পক্ষে, কিন্তু এই সশস্ত্র আক্রমণের বিরুদ্ধে বল প্রয়োগের মাধ্যমে প্রতিক্রিয়া জানানো ছাড়া তাঁদের আর কোনো গত্যন্তর নেই। জানা গিয়েছে, সীমান্তলগ্ন ৮৬টি গ্রাম থেকে অন্তত ৪০ হাজার থাই বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
তাও মোয়ান থম মন্দিরকে কেন্দ্র করে?
থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে উত্তপ্ত সীমান্ত বিরোধের জেরে আজ, বৃহস্পতিবার (২৪ জুলাই) দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে থাইল্যান্ডের অন্তত দুই অসামরিক নাগরিক নিহত এবং দুই থাই সেনা সদস্য আহত হয়েছেন বলে জানা গিয়েছে। সংঘর্ষের কেন্দ্রবিন্দু ছিল তাও মোয়ান থম মন্দির-সংলগ্ন সীমান্ত অঞ্চল, যা কম্বোডিয়ার ওডার মিনচে প্রদেশ এবং থাইল্যান্ডের সুরিন প্রদেশের মধ্যে অবস্থিত। থাই সেনাবাহিনী জানায়, কম্বোডিয়া প্রথমে একটি ড্রোন পাঠায়, আর্টিলারি ও বিএম-২১ রকেট দিয়ে গোলাবর্ষণ শুরু করে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)