)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফি ঘোষণাতেই শেষ নয়। H-1B ভিসা নিয়ে এবার নয়া নিয়মবিধি ঘোষণা ট্রাম্প প্রশাসনের। উঠে যাচ্ছে লটারি সিস্টেম। H-1B ভিসা পেতে চলেছে দক্ষতাসম্পন্ন ও উচ্চ বেতনের কর্মীরাই। আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প H-1B ভিসার জন্য এককালীন ১০০,০০০ ডলার বা ভারতীয় মুদ্রায় ৯০ লাখ টাকা ফি ঘোষণা করেছেন। ২১ সেপ্টেম্বর বা তার পরের তারিখে H-1B ভিসা আবেদনের ক্ষেত্রে কার্যকর এই ফি। এবার ট্রাম্প প্রশাসন এইচ-১বি ভিসা প্রোগ্রামে আরও বেশকিছু পরিবর্তন আনার কথা সামনে আনল।
ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি H-1B ভিসার ক্ষেত্রে বর্তমান লটারি সিস্টেম তুলে দিতে চায়। তার বদলে একটি বিস্তারিত সিলেকশন প্রসিডিওর বা নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে চায়। কেন? তার কারণ ট্রাম্প প্রশাসনের লক্ষ্য শুধু উচ্চ-দক্ষতাসম্পন্ন ও উচ্চ বেতনের বিদেশিদের জন্যই H-1B ভিসা নিশ্চিত করা। প্রস্তাব অনুসারে, এই নির্বাচন হবে মজুরি স্তরের উপর ভিত্তি করে। চারটি মজুরি স্তরের মধ্যে সর্বোচ্চ স্তরের কর্মীরা- যাদের বার্ষিক বেতন ১ লাখ ৬২ হাজার ৫২৮ ডলার, তাঁরা চারটি এন্ট্রি পাবেন। আর সর্বনিম্ন স্তরের কর্মীরা কেবল একটি এন্ট্রি পাবেন।
এর ফলে H-1B ভিসার অপব্যবহার রোখা সম্ভব হবে বলে দাবি ট্রাম্প প্রশাসনের। দাবি, আবেদন ও অনুমোদনের ক্ষেত্রে স্বচ্ছতা আসবে। প্রতিটি আবেদনকারীর H-1B ভিসা পাওয়ার সম্ভাবনা তাঁর বেতন স্তরের উপর নির্ভর করবে। উচ্চ বেতন স্তরের একজন প্রার্থী লটারিতে একাধিক এন্ট্রি পেতে পারেন, যেখানে প্রাথমিক বেতন স্তরের একজন প্রার্থী কেবল একটি এন্ট্রি পেতে পারেন। এর অর্থ হল উচ্চ বেতনের, সিনিয়র পদের প্রার্থীদের নির্বাচনের সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেশি হবে। অন্যদিকে সদ্য স্নাতক ও সবে কেরিয়ার শুরু করা কর্মীদের জন্য এই নির্বাচন প্রক্রিয়া একটু কঠিন হবে।
প্রসঙ্গত হোয়াইট হাউসের অভিযোগ, বিভিন্ন কোম্পানিপ H-1B ভিসার 'অপব্যবহার'-এর জেরে ক্ষতি হচ্ছে মার্কিন কর্মচারীদের। একদিকে কোম্পানিগুলি মার্কিন কর্মীদের ছাঁটাই করছে, অন্যদিকে H-1B ভিসার অনুমোদন নিয়ে যাচ্ছে। কম্পিউটার এবং গণিত পেশার মধ্যে, বিদেশি কর্মীদের মধ্যে অংশ ১৭.৭ শতাংশ থেকে বেড়ে ২৬.১ শতাংশে দাঁড়িয়েছে। ২০২৫ অর্থবছরে একটি কোম্পানি ৫,০০০-এরও বেশি H-1B ভিসার অনুমোদন পায়, কিন্তু ১৫,০০০-এরও বেশি মার্কিন কর্মীকে ছাঁটাই করে।
ঠিক সেরকমই আরেকটি কোম্পানি প্রায় ১,৭০০ H-1B ভিসার অনুমোদন পায়, কিন্তু ২,৪০০ মার্কিন কর্মীকে ছাঁটাই করে। তৃতীয় আরেকটি কোম্পানি ২০২২ সাল থেকে তাঁদের মার্কিন কর্মী সংখ্যা প্রায় ২৭,০০০ কমিয়েছে। কিন্তু ২৫,০০০-এরও বেশি H-1B ভিসার অনুমোদন পায়। চতুর্থ আরও একটি কোম্পানি একই অর্থবছরে ১,১০০ H-1B ভিসার অনুমোদন পায় এবং ১,০০০ জন কর্মী ছাঁটাই করে। এই পরিস্থিতি বদলাতেই H-1B ভিসা কড়া ট্রাম্প প্রশাসন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)