)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (U.S. President Donald Trump) কি ভারতের ঘাড় থেকে শুল্ক সরিয়ে নেবেন? এর আগেও এই ধরনের একটা কথা ভেসে বেড়াচ্ছিল। ফের সেই প্রশ্নই উঠল। ফলে অনেকের মনেই একটা প্রত্যাশা সকলের মনে জেগে উঠেছিল, তবে কি মার্কিন সরকার ভারতের ঘাড় থেকে সরিয়ে নিচ্ছে শুল্কগুঁতো (US Tariffs)? কী বলছেন ট্রাম্প? সম্প্রতি হোয়াইট হাউজে (White House) সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে কী বলেছেন ট্রাম্প?
আরও এক দফা নতুন শুল্ক?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার বলেছেন, তিনি ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়ার উপর আরও এক দফা নিষেধাজ্ঞা আরোপের জন্য প্রস্তুত। হোয়াইট হাউসে তাঁকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, হ্যাঁ, আমি প্রস্তুত! আর ট্রাম্পের এই 'হ্যাঁ' বলার আগে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট রাশিয়ার অর্থনীতিকে 'ভেঙে ফেলার' জন্য রাশিয়া থেকে তেল কেনা দেশগুলির উপর আরও বেশি নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছিলেন। খুব স্বাভাবিক ভাবেই যে দেশগুলির মধ্যে ভারত অন্যতম।
ফের টোল বন্ধুত্বে?
মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট যুক্তি দিয়েছিলেন যে, এই ধরনের বিষয়ই ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে বাধ্য করতে পারে। পুতিনের সঙ্গে আলাস্কায় একটি শীর্ষ সম্মেলন করা সত্ত্বেও, শান্তিপ্রতিষ্ঠার জন্য ট্রাম্পের মধ্যস্থতা এখনও পর্যন্ত সফল হয়নি। বরং, তখন থেকে যুদ্ধ আরও বেড়েছে। আর এই সব সাম্প্রতিক ঘটনাপ্রবাহ এমন এক সময়ে ঘটল, যখন এর মাত্র কয়েকদিন আগেই প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরের প্রশংসা করেছেন!
উঠে যাচ্ছে শুল্ক?
ভারতে "শাস্তিমূলক" শুল্কের যৌক্তিকতা নিয়ে গোটা বিশ্বেই প্রশ্ন উঠেছে। যার জেরে ট্রাম্পের বিপুল সমালোচনা চলছে। এরই মধ্যে একবার শুল্ক উঠে যাওয়ার আশার আলোও উঁকি দিয়ে গিয়েছিল। হোয়াইট হাউসে এক সাংবাদিক বৈঠকের সময় ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, 'আপনি কি ভারতের উপর থেকে শুল্ক সরিয়ে দেবেন?' খুবই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ এই প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণই। কিন্তু...।' ট্রাম্প বলেন, 'আপনাকে বুঝতে হবে যে, বহু বছর ধরে এই সম্পর্কটা একতরফা ছিল। মানে, ভারত আমাদের উপর একতরফা ট্যাক্স চাপিয়ে গিয়েছে। কিন্তু যখন থেকে আমি এসেছি, আমি বিষয়টা ভেবেছি, কেননা, শুল্ক নিয়ে সেই ক্ষমতা আমাদের আছে।' ট্রাম্প আরও বলতে থাকেন যে, 'ভারত আমাদের উপর ব্যাপক পরিমাণে শুল্ক চাপিয়ে এসেছে। বিশ্বের প্রায় সর্বোচ্চ। ওরা ১ নম্বরে। তাই আমরা ওদের সঙ্গে তেমন বেশি ব্যবসা করতে পারছিলাম না। কিন্তু ওরা আমাদের সঙ্গে ব্যবসা করে যাচ্ছিল। বোকার মতোই আমরা ওদের উপরেও বেশি পরিমাণে শুল্ক চাপাতে যাচ্ছিলাম না। ওরা যা যা জিনিস তৈরি করে, তা ব্যাপক পরিমাণে আমাদের দেশে পাঠিয়ে দিত।'
আগের কথা
সম্প্রতি ট্রাম্পের শুল্ক নিয়ে মার্কিন সাংবাদিক রিক সানচেজ ভারতের ঢালাও প্রশংসা করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সাংবাদিক রিক সানচেজ ভারতের প্রশংসায় বলেছেন, ভারত তাদের তেল-নীতিতে অন্য কারো কথায় চলতে রাজি না হওয়ার যে সিদ্ধান্তটি নিয়েছেন, তা রীতিমতো প্রশংসার। তিনি বলেছিলেন, ভারত বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে, তারা এখন আর 'ছোট' নয়, বরং 'বড় দেশ', বড়দাদা। রিক সানচেজ আরও বলেছিলেন, ভারতের এই পদক্ষেপ আন্তর্জাতিক তেল-বাজারে তাদের গুরুত্ব বাড়িয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র-সহ অন্যান্য বড় অর্থনৈতিক শক্তিকে বার্তা দিয়েছে যে, ভারত তার জাতীয় স্বার্থকে সবার উপরে স্থান দিচ্ছে, দেবেও। সানচেজ মনে করেন, এই ধরনের নীতি বিশ্বে ভারতের অবস্থান আরও শক্তিশালী করবে। ওদিকে মার্কিনি আদালত পরিষ্কার করে জানিয়ে দিয়েছিল, মার্কিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বিভিন্ন মানের শুল্ক বিভিন্ন দেশের উপর চাপিয়েছেন, তা ঠিক নয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)