)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মার্কিন মুলুকে যেতে গেলে এবার থেকে খরচ বাড়বে। কারণ ভিসার খরচই বাড়ল ১৪৮ শতাংশ। আমেরিকার ভিসা (USA Visa) পেতে এবার গুনতে হবে বাড়তি টাকা। নতুন আইন অনুযায়ী, পর্যটক, ছাত্র বা কর্মসূত্রে যাওয়া ভারতীয়দের (Indian Students and Tourists) ভিসা ফি বাড়ছে অন্তত ২.৫ গুণ।২০২৬ সাল থেকে চালু হবে এই ফি। করের উপর এবার নয়া ভিসা নীতি।
‘ওয়ান বিগ বিউটিফুল বিল’-এ সই করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৪ জুলাই থেকে কার্যকর হয়েছে এই আইন। এই আইনের আওতাতেই চালু হয়েছে ভিসা ইন্টিগ্রিটি ফি। এর জন্যে ভিসা ফি-এর উপরে বাড়তি ২৫০ ডলার দিতে হবে। ভারতীয় মুদ্রায় প্রায় ২১ হাজার ৪০০ টাকা। এটি নন-রিফান্ডেবল। অর্থাৎ ভিসা না পেলেও বা পরে বাতিল হলেও টাকা ফেরত মিলবে না।
অনেক শিক্ষার্থী এবং যারা স্বল্প সময়ের জন্য ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের জন্য এটি একটি বড় আর্থিক বোঝা হয়ে দাঁড়াবে। প্রতি বছর মুদ্রাস্ফীতি (সিপিআই অনুযায়ী) হিসেব করে এই ফি বাড়তে বা কমতে পারে। এখন একটি সাধারণ বি-১/বি-২ (পর্যটক ও ব্যবসা) ভিসা নিতে খরচ হয় ১৮৫ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১৫ হাজার ৮০০ টাকা)। নতুন ইন্টিগ্রিটি ফি যোগ হলে সেই খরচ গিয়ে দাঁড়াবে প্রায় ৪৭২ ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ৪০ হাজার ৫০০ টাকা। অর্থাৎ, মোটামুটি আড়াই গুণ বেশি।
ট্রাম্প সরকার সম্প্রতি যে নতুন ভিসা ইন্টিগ্রিটি ফি চালু করেছে, তা একটি নিরাপত্তা ব্যবস্থা হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে। এর মূল উদ্দেশ্য হল, মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বিদেশি নাগরিকদের মধ্যে আইনসম্মত আচরণকে উৎসাহিত করা। এই ফি-কে এক প্রকার 'সিকিউরিটি ডিপোজিট' হিসেবে দেখা হচ্ছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)