)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আচমকা ধসে গেল রাস্তা! তৈরি হল বিশাল গর্ত! বলা ভালো, গহ্বর! গিলে খেল রাস্তার উপর চলমান সমস্ত গাড়ি, সঙ্গে বিদ্যুতেও খুঁটিও। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সামসেন রোড এলাকায়। ব্যাংকক হাসপাতালের সামনে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রাস্তায় তৈরি গর্তের গাড়ি, বিদ্যুতের খুঁটি গিলে ফেলার সেই ভিডিয়ো।
বুধবার ব্যাংকক হাসপাতালের সামনে সামসেন রোড এলাকায় আচমকাই তৈরি হয় ৫০ মিটার গভীর একটি বিশাল গর্ত। যা কার্যত গিলে খেয়ে নেয় গাড়ি, বিদ্যুতের খুঁটি সব। সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষ এলাকাটি সিল করে দেয়। জানা গিয়েছে, ঘটনাস্থলের কাছেই একটি রেলওয়ে স্টেশন তৈরি হচ্ছে। মনে করা হচ্ছে এই ঘটনাটি তার সঙ্গে সম্পর্কযুক্ত।
সকালের দিকে এই ঘটনাটি ঘটে। এই ঘটনার ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, রাস্তায় যান চলাচল বন্ধ। হাসপাতালের সামনে রাস্তায় বিশাল গর্ত। রাস্তা ধসে গর্ত তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে জলের পাইপগুলিও ফেটে গিয়েছে। সেখান থেকে তীব্র বেগে জল বেরিয়ে আসছে। দেখুন সেই ভিডিয়ো-
নিরাপত্তার স্বার্থে হাসপাতাল থেকে রোগীদের এবং আশেপাশের অ্যাপার্টমেন্ট থেকে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। ব্যাংককের গভর্নর চ্যাডচার্ট সিত্তিপুন্ট নিশ্চিত করেছেন যে, সিংকহোলের ফলে কোনও আহত বা হতাহতের ঘটনা ঘটেনি। তবে তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)