ময়দানে রেজ্জাক, আক্রমণের কেন্দ্রস্থলেই সভা আজ

আজ থেকে পঞ্চায়েত ভোটের লড়াইয়ে রাজনৈতিক ময়দানে নেমে পড়তে চলেছেন রেজ্জাক মোল্লা। যেখানে তিনি আক্রান্ত হয়েছিলেন সেই ভাঙড়েই আজ সভা করবেন তিনি। উপস্থিত থাকবেন সূর্যকান্ত মিশ্র, গৌতম দেব, সুজন চক্রবর্তীরা।

আরাবুলের জামিন খারিজ করল আদালত

আরাবুল ইসলামের জামিনের আবেদন খারিজ করল বারুইপুর আদালত। ৩১ জানুয়ারি পর্যন্ত তাঁকে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। তথ্যপ্রমাণ প্রভাবিত হওয়ার সম্ভাবনা থেকে আরাবুলের জামিনের আবেদন নাকোচ করে আদালত।

আরাবুলের পাশেই পার্থ, মহাকরণেই দলীয় কর্মসূচী ঘোষণা

বামনঘাটার বাম কর্মী-সমর্থকদের ওপর হামলার ঘটনায় আরাবুল ইসলামের পাশেই দাঁড়ালেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, সিপিআইএম সমর্থকেরাই অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়েছে আরাবুলের ওপর। আহত হওয়ায় আরাবুলকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। সিপিআইএম রাজ্যজুড়ে নৈরাজ্য সৃষ্টি করছে বলে তাঁর অভিযোগ। মহাকরণে আজ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে হাজির ছিলেন পুলিস-প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা।

বামেদের উপর গুলি চলল বামনঘাটায়

ফের অগ্নিগর্ভ ভাঙড়। এবার বামনঘাটায়। গুলি, বোমা, বাসে আগুন, ভাঙচুর। সিপিআইএম নেতাদের অভিযোগ, আলিপুরে বিক্ষোভ সভায় আসার পথে তাঁদের সমর্থক বোঝাই বাসগুলির উপর হামলা চালায় আরাবুল ইসলামের নেতৃত্বে তৃণমূল কর্মীরা। হামলায় অন্তত ৬ জন সিপিআইএম সমর্থক গুলিবিদ্ধ। জখম আরও বেশ কয়েকজন। আগুন দেওয়া হয় ১২টি বাসে। ভাঙচুর হয়েছে আরও বেশ কয়েকটি বাস। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, পিছন থেকে সিপিআইএমের মিছিলে ইটবৃষ্টি শুরু হয়। বাঁশ দিয়ে গাড়ি ভাঙচুর চলে। রাস্তায় ফেলে বহু বাম কর্মী সমর্থককে মারধর করা হয়। চালানো হয় গুলি, ব্যাপক বোমাবাজিও হয়েছে। প্রাণভয়ে অনেকে পালিয়ে যান। পরপর দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

আরও ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রেজ্জাক

আক্রান্ত রেজ্জাক মোল্লাকে আরও অন্তত ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। আজ সকালে হাসপাতালের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর আরও কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হবে বলে জানিয়েছেন চিকিত্‍‍‍সকেরা। রেজ্জাক মোল্লাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া নিয়েই গতকাল দুপুর থেকেই টানা পোড়েন চলছিল। প্রবীণ ওই বিধায়ককে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার জন্য সরকার চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ করে সিপিআইএম।

হাসপাতালে রেজ্জাক, চলছে রাজনৈতিক চাপান-উতর

রেজ্জাক মোল্লাকে হাসপাতালে রাখা হবে কি না তা নিয়ে চলছে রাজনৈতিক চাপান-উতর। রেজ্জাক মোল্লার ওপর হামলা নিয়ে গুরুতর অভিযোগ তুললেন সিপিআইএম নেতারা। তাঁদের অভিযোগ, প্রবীণ বিধায়ককে ছেড়ে দেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে চাপ দিচ্ছে রাজ্য সরকার। অন্যদিকে, আজ বিকেলে তাঁকে দেখতে গিয়ে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন বাড়ির লোকের অনুরোধেই তাঁকে হাসপাতালে রাখা হয়েছে।

পুলিসি পাহারায় সভা মঞ্চে নিরুত্তাপ আরাবুল

রবিবারই থানায় তাঁর নামে এফআইআর দায়ের হয়েছে। অথচ সোমবার প্রকাশ্যে তিনি সভা করলেন। পুলিসের পাহাড়ায়। এতসব কাণ্ড যাঁকে ঘিরে, সেই আরাবুল ইসলাম কিন্তু নিরুত্তাপ। উল্টে তাঁর প্রশ্ন, সিপিআইএমের কোনও মিটিং-এ যদি তিনি ঢুকে পড়তেন তাহলে তাঁকে কি রসগোল্লা ছোঁড়া হত না? আজ ভাঙরের ঘটকপুকুরে গতকালের ঘটনার প্রতিবাদে সভা করেন আরাবুল ইসলাম।

বীজপুরে আক্রান্ত সিপিআইএম নেতৃত্ব, মিছিলে বাধা

দুষ্কৃতী হামলা থেকে পুলিসের পথরোধ। উত্তর ২৪ পরগনায় বাধা পেল বামেদের মিছিল। খুচরো ব্যবসায় এফডিআইয়ের প্রতিবাদ সহ একাধিক দাবিতে আজ জেলায় চারটি পদযাত্রা করে বামেরা। বীজপুরের কাছে একটি পদযাত্রায় হামলা চালায় দুষ্কৃতীরা। তাতে আহত হন সিপিআইএম নেতা নেপালদেব ভট্টাচার্য বেশ কয়েকজন দলীয় কর্মী। অভিযোগ, তৃণমূলের কর্মীরাই এই হামলা চালিয়েছে। ভাটপাড়ার কাছে ফের পদযাত্রাটি আটকে দেয় পুলিস। 

পাঁশকুড়ায় তৃণমূলের হেনস্থার শিকার কমিশনের কর্মীরা

নির্বাচন কমিশনের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় এই ঘটনা ঘটেছে। তৃণমূলের দাবি, তাঁদের দলীয় কার্যালয় থেকে পোস্টার-হোর্ডিং খুলে ফেলেন কমিশনের কর্মীরা।