বসিরহাটে আত্মঘাতী চিটফান্ড সংস্থার এজেন্ট

আমানতকারীদের টাকা ফেরাতে না পেরে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে আত্মঘাতী হলেন এক চিটফান্ড সংস্থার এজেন্ট। হুগলির চুঁচুড়ায় চিটফান্ড সংস্থার কর্নধারকে খুনের ঘটনায় এক অভিযুক্ত গ্রেফতার করেছে পুলিস। পুলিস সূত্রে খবর, উত্তর কলকাতায় আত্মঘাতী হয়েছেন হুগলির ওই সংস্থার এক ডিরেক্টর।

প্রয়াত শমসাদ বেগম

চলে গেলেন হিন্দি চলচ্চিত্রের প্রথম মহিলা প্লেব্যাক গায়িকা শমসাদ বেগম। মঙ্গলবার রাতে মুম্বইতে তাঁর নিজের বাড়িতে মারা গেলেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৯৪। তাঁর মেয়ে ঊষা এদিন বলেন, "বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন শমসাদ বেগম। গতকাল রাতেই তিন মারা যান তিনি।"

ভুল্লারের ক্ষমার আবেদন খারিজ করল শীর্ষ আদালত

পাঞ্জাবের জঙ্গি দেবেন্দর পাল সিংয়ের মৃত্যুদণ্ড রদের আবেদন খারিজ করে দিল সুপ্রিমকোর্ট। ১৯৯৩-এ দিল্লিতে একটি গাড়ি বোমা বিস্ফোরণে ন`জনের খুনের অপরাধে দোষী সাব্যস্ত দেবেন্দর পাল সিং ভুল্লার।

ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যু ঠেকাতে গঠিত তিন সদস্যের কমিটি

ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যু ঠেকাতে কাজ শুরু করলেন কেন্দ্রীয় বন ও পরিবেশমন্ত্রকের তিন সদস্যদের কমিটি। কমিটিতে রয়েছেন রাজ্যের মুখ্যবনপাল(বন্যপ্রাণ) এস বি মণ্ডল, বিশিষ্ট হস্তিবিশেষজ্ঞ চিকিত্‍‍‍সক সুকুমার, ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর মিস্টার ন্যাগি।

ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড নয়, প্রস্তাব ভার্মা কমিটির

তিন সদস্যের বিচারপতি জে এস ভার্মা কমিটি বুধবার ধর্ষণ বিরোধী আইনের ব্যাপক পরিবর্তন চাইলেও ধর্ষণের শাস্তি হিসাবে মৃত্যুদণ্ডের বিরোধিতা করল। তার বদলে গণধর্ষণের জন্য ন্যুনতম ২০ বছর এবং ধর্ষণ ও খুনের ক্ষেত্রে আমৃত্যু সশ্রম কারাদণ্ডের সুপারিশ জানিয়েছে এই কমিটি।

ধনেখালির ঘটনার রিপোর্ট চাইল মানবাধিকার কমিশন

ধনেখালিতে পুলিস লকআপে তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় ডিজিকে রিপোর্ট পেশের নির্দেশ দিল মানবাধিকার কমিশন। তিন সপ্তাহের মধ্যে গোটা ঘটনার রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার তদন্তের জন্য আইজি পর্যায়ের অফিসার নিয়োগের নির্দেশ দিয়েছে কমিশন।

মালদায় ফের শিশুমৃত্যুর মিছিল

ফের শিশুমৃত্যুর ঘটনা মালদা হাসপাতালে। গত চব্বিশ ঘণ্টায় ওই হাসপাতালে মৃত্যু হয়েছে ৯টি সদ্যোজাতের। আজ সকালে মারা গিয়েছে আরও ৩টি শিশু।ফলে ফের প্রশ্নের মুখে চিকিত্সা পরিষেবা। শিশুমৃত্যুর ঘটনা স্বীকার করে নিয়ে মালদা মেডিক্যাল কলেজের সুপার হিমাদ্রি আরি জানিয়েছেন, জন্মের পর থেকে দুর্বলতার কারণেই ওই শিশুদের মৃত্যু হয়েছে। শিশুমৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দফতরের কর্তারা রাজ্য স্বাস্থ্য দফতরের কাছে সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন। এই পরিস্থিতি নিয়ে গতকাল জেলা স্বাস্থ্য দফতরের সঙ্গে বৈঠক করেন জেলা স্বাস্থ্য দফতরের চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। 

উত্তরভারতে ঠাণ্ডার বলি ২৪৯

কনকনে শীতে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে উত্তরভারতে। যার মধ্যে উত্তরপ্রদেশেই প্রাণ হারিয়েছেন ১৬ জন। উত্তরাখণ্ডে প্রাণ হারিয়েছেন ৭ জন। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪৯। আবহাওয়া দফতর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গতকাল লখনউ ছিল উত্তরপ্রদেশের শীতলতম শহর।

ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যু ঠেকাতে বৈঠক নিষ্ফলা

ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু ঠেকাতে রেলমন্ত্রক ও বন দফতরের বৈঠকে কোনও সমাধান সূত্র মিলল না। গত কাল রাজাভাতখাওয়া বন দফতরের প্রেক্ষাগৃহে এ নিয়ে বৈঠক হয়। ছয়ই জানুয়ারি দুর্ঘটনার দিন ট্রেন চালক মদ্যপ অবস্থায় ছিলেন না বলেই দাবি করেছেন আলিপুরদুয়ার রেলওয়ে ডিভিশনের চেয়ারম্যান বীরেন্দ্র সিং। তবে ট্রেনের গতি বেশি থাকার কথা মেনে নিয়েছেন তিনি।