)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রিয় তারকাকে নকল করে অনেকেরই সংসার চলে। কেউ কেউ আবার সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তাও পান। তাঁর মধ্যে অন্যতম নাম রিজওয়ান খান। পোশাকে, হাবেভাবে শাহরুখ খানকে অবিকল নকল করে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয় তিনি। এমনকী হঠাৎ সামনে এসে দাঁড়ালে অনেকেই তাকে শাহরুখ খান বলেই ভুল করবেন। সাম্প্রতিক সময়ে শাহরুখের নানা ছবির নানা অ্যাটিটিউড নকল করে নেটপাড়ায় ভাইরালও হয়েছেন রিজওয়ান। শাহরুখকে নকল করলেও, দুঃসময়ে পাশে পেয়েছেন বলি তারকা সলমান খানকে।
মানুষ তাকে শাহরুখ বলে ভুল করে ফেলেন, এমনকী নানা অনুষ্ঠানে তিনি ডাকও পান। কিন্তু, একটা সময়ে অভাবের মধ্যে সময় কাটিয়েছেন তিনি। কোভিডের সময় আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন রিজওয়ান। এমনকী খাবার কেনার সামর্থ্যও সেই সময় ছিল না তাঁর। বাধ্য হয়ে ঘরের বেশ কিছু জিনিসপত্র বিক্রি করে দিতে হয়েছিল রিজওয়ানকে। সেই অর্থ দিয়েই খাবার কিনতেন।
সম্প্রতি এক পডকাস্টে রিজওয়ান বলেন, “আমার স্ত্রী তখন অন্তঃসত্ত্বা। আর আমার হাতে কোনও কাজ নেই। তারকাদের মতো দেখতে যারা, তাদের নিয়ে আমাদের একটা সংগঠন রয়েছে। সেই সংগঠনের প্রত্যেককেই সলমান খান ২৫০০ টাকা করে পাঠিয়েছিলেন। আমি সত্যি সলমানকে ধন্যবাদ জানাতে চাই। আর এখন ঈশ্বরের কৃপায় আমার একটা দুই কামরার বাড়ি আছে, যা যা বিক্রি করে দিতে হয়েছিল মহামারীর সময়, এখন তা সব আমার কাছে আছে। আমি আবার সেগুলো কিনতে পেরেছি।”
‘সেলেব্রিটি লুক অ্যালাইক’ হয়ে কাজ করার আগে রাস্তায় খাবারের দোকান ছিল রিজওয়ানের। তারপর এক দিন হঠাৎই তার কাছে শাহরুখ খানের সঙ্গে কাজ করার প্রস্তাব আসে। শুধুমাত্র মঞ্চে নকলই নয়, সিনেমাতে কাজ করেছেন রিজওয়ান। ‘চাক দে ইন্ডিয়া’ ও ‘মহব্বতেঁ’ ছবিতে শাহরুখের বডি ডাবল হিসেবেও কাজ করেছিলেন রিজওয়ান। এছাড়াও বহু বিজ্ঞাপনে শাহরুখের সঙ্গে কাজ করেছেন তিনি। ২০২৩ সালে শাহরুখের তিনটি ব্লকবাস্টার ছবির দৌলতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যান রিজওয়ান।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)