)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গুরুচরণ সিং, জনপ্রিয় টিভি শো 'তারক মেহতা কা উল্টা চশমা'-তে রোশন সিং সোধির ভূমিকায় অভিনয় করার জন্য বিখ্যাত। গত ২২ এপ্রিল থেকে অভিনেতা নিখোঁজ ছিলেন। পুলিস জানিয়েছে, শুক্রবার গুরুচরণ বাড়িতে ফিরে এসেছেন।
গুরুচরণের নিখোঁজ হওয়ার পর দিল্লি পুলিস অপহরণের মামলা দায়ের করেছিল। তাঁকে খুঁজে বের করার জন্য তদন্ত চলছিল। ১৭ মে তিনি বাড়িতে ফিরে আসেন। আদালতে তার জবানবন্দি রেকর্ড করেছে পুলিস। পুলিসের মতে, অভিনেতাকে জিজ্ঞাসাবাদের সময় তিনি কর্মকর্তাদের বলেন যে তিনি তাঁর পার্থিব জীবন ত্যাগ করেছেন এবং ধর্মীয় পথে বেছে নিয়েছেন। তাই তিনি আধ্যাত্মিক যাত্রায় বাড়ি থেকে চলে গিয়েছিলেন।
অভিনেতা জানিয়েছেন, গত কয়েকদিনে তিনি অমৃতসর এবং লুধিয়ানার মতো বিভিন্ন শহরের গুরুদ্বারে গিয়েছিলেন। কিন্তু তাঁর মনে হয়েছিল এবার বাড়ি ফিরতে হবে।
অভিনেতার পরিবার তাঁর আকস্মিক নিখোঁজ হওয়ার পরে হতবাক এবং চিন্তিত ছিল। সম্প্রতি, তাঁর বাবা, হারগীত সিং, মিডিয়ার সঙ্গে কথা বলার সময় বলেছিলেন যে পুলিসের থেকে তাঁর ছেলে সম্পর্কে একটি আপডেটের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। 'যা ঘটেছে তা খুবই মর্মান্তিক, আমরা জানি না কিভাবে এটি মোকাবেলা করতে হবে'।
২২ এপ্রিল, অভিনেতার দিল্লি থেকে মুম্বই যাওয়ার ফ্লাইট ধরার কথা ছিল। তবে তিনি ফ্লাইট না ধরে নিখোঁজ হয়ে যান। তাঁর ফোন নম্বর ২৪ এপ্রিল অ্যাক্টিভ ছিল। যার মাধ্যমে তিনি একাধিক লেনদেন করেছিলেন। নিখোঁজ হওয়ার দিন থেকে সিসিটিভি ফুটেজে অভিনেতাকে তাঁর পিঠে ব্যাগ নিয়ে হাঁটতে দেখা গেছে। গুরুচরণ দিল্লির একটি এটিএম থেকে শেষ ৭ হাজার টাকা তুলেছেন। ২৪ এপ্রিল অভিনেতার শেষ লোকেশন তাঁর বাড়ি পালাম থেকে কিছু কিলোমিটার দূরে দেখা গিয়েছে। সেখান থেকেই তাঁর ফোন বন্ধ হয়ে যায়।
জানা গিয়েছে, অভিনেতা শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছিলেন। শুধু তাই নয়, তিনি আর্থিক সমস্যার মধ্যেও পড়েছিলেন। গুরুচরণ 'তারক মেহতা কা উল্টা চশমা-ধারাবাহিকে সোধি চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান। তিনি কয়েক বছর আগে শো ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এমনিতে তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ। ইনস্টাগ্রামে তাঁর প্রায় ১ মিলিয়ন ফলোয়ারও রয়েছে। কিছুদিন আগেই আগেই বাবার জন্মদিন উপলক্ষে আবেগপ্রবণ পোস্ট শেয়ার করেন। গুরুচরণের এই আকস্মিক ঘটনা বিনোদন জগতে এবং তাঁর ফ্যানেদের হতবাক করেছে। তাঁর ফ্যানেরা সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করেছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)