)
নিজস্ব প্রতিবেদন: কেন্দ্রীয় বাহিনী (Central Force) নয়, রাজ্য পুলিস দিয়েই হবে পুরভোট (Municipal Election 2022)। হাইকোর্টকে (Calcutta High Court) সিদ্ধান্ত জানিয়ে দিল নির্বাচন কমিশন (Election Commission)। এদিকে আবার কেন্দ্রীয় বাহিনীর দাবিতে মামলা গড়াল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালতের দ্বারস্থ হল বিজেপি (BJP)। আগামিকাল, শুক্রবার শুনানি।
চলতি মাসে শিলিগুড়ি, বিধাননগর, আসানসোল ও চন্দননগর পুরনিগমে কিন্তু রাজ্য পুলিস দিয়েই ভোট হয়েছিল। বাকি ১০৮ পুরসভার নির্বাচনে কি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে? কমিশনকেই সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট (Calcutta High Court)। এরপর আদালতের নির্দেশ মেনে স্বরাষ্ট্রসচিব রাজ্য় পুলিসের ডিজি ও এডিজি(আইনশৃঙ্খলা) সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশনার সৌরভ দাস।
কী আলোচনা হল? কমিশন সূত্রে খবর, বৈঠকে নির্বাচন কমিশনার স্পষ্ট জানিয়ে দেন, অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে চান। প্রতিটি বুথে যেমন সশস্ত্র পুলিস থাকবে, তেমনি মানুষ যাতে ভোট দিতে পারেন, সে ব্যবস্থাও করতে চায় কমিশন। আর কেন্দ্রীয় বাহিনী? রাজ্য সরকার যেহেতু পর্যাপ্ত বাহিনীর আশ্বাস দিয়েছে, সেক্ষেত্রে পুরভোটে কেন্দ্রীয় বাহিনী থাকছে না। এদিন সেই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হল হাইকোর্টকে।
এদিকে হাতে আর বেশি নেই। রবিবার ভোট রাজ্যের ১০৮ পুরসভার। কমিশন সূত্রে খবর, প্রতিটি বুথে থাকবে সশস্ত্র পুলিস (Armed Police)। মোতায়েন করা হবে অতিরিক্ত আরও ৪ হাজার পুলিস। বাড়বে পর্যবেক্ষকের সংখ্যা।