June Malia | Dilip Ghosh: 'A গ্রুপে নেই, B গ্রুপেও নাম...মানসিকভাবে ভেঙে পড়েছেন দিলীপদা!' কটাক্ষ জুনের

দিলীপদাকে বলব মানসিকভাবে ভেঙে না পড়তে। খেলা অনেক হবে। হাসি কান্না অনেকে হবে।

Updated By: Mar 14, 2024, 11:30 AM IST
June Malia | Dilip Ghosh: 'A গ্রুপে নেই, B গ্রুপেও নাম...মানসিকভাবে ভেঙে পড়েছেন দিলীপদা!' কটাক্ষ জুনের

চম্পক দত্ত: আসন্ন লোকসভা ভোটে বিজেপির প্রার্থীতালিকার A গ্রুপে নাম নেই, B গ্রুপেও নাম বেরবে কি না, জানেন না! তাই মানসিকভাবে ভেঙে পড়েছেন দিলীপদা! কটাক্ষ তৃণমূলের মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী তথা বিধায়ক জুন মালিয়ার। লোকসভা ভোটের প্রার্থী ঘোষণা হওয়ার পর প্রস্তুতি সভায় যোগ দিতে বুধবার সন্ধ্যায় মেদিনীপুরে এসেছিলেন মেদিনীপুরের বিধায়িক তথা অভিনেত্রী জুন মালিয়া। এদিন তিনি একটি প্রস্তুতি সভার আয়োজন করেন মেদিনীপুর জেলা পরিষদ হলে। সেই হলে তৃণমূল নেতা, কর্মী, বিভিন্ন স্তরের পদাধিকারী ব্যক্তিদের নিয়েই প্রস্তুতি সভায় বসেন তিনি। উপস্থিত ছিলেন মেদিনীপুরের জেলার জেলা সভাপতি সুজয় হাজরা, বিধায়ক দীনেন রায়, প্রদ্যুৎ ঘোষ সহ সকলে। সেই প্রস্তুতি সভা করার আগেই সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল প্রার্থী জুন মালিয়া।

Add Zee News as a Preferred Source

তখনই দিলীপ ঘোষকে নিয়ে জিজ্ঞেসা করা হলে জুন মালিয়া বলেন, "দিলীপবাবু অত্যন্ত ভালো মানুষ। কিন্তু ওনার দল A গ্রুপেও ওনার নাম বের করেনি। B গ্রুপেও ওনার নাম বের হবে কিনা, তাও নিশ্চয়তা নেই। তাই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। আর সেই কারণেই বেলাগাম মন্তব্য করে বেড়াচ্ছেন। তবে দিলীপদাকে বলব এখনই মানসিকভাবে ভেঙে না পড়তে। কারণ খেলা অনেক হবে। হাসি কান্না অনেকে হবে। ভোটে লড়াই হবে। তাই প্রস্তুত থাকতে।" এর পাশাপাশি তৃণমূল কর্মীদের নিয়ে তিনি বলেন, "আমাদের কর্মীরা আমার নাম ঘোষণা হওয়াতে অনেকে উচ্ছ্বসিত। উচ্ছ্বাসের ভাষা তাঁরা প্রয়োগ করেছেন। এতে খারাপের কিছু নেই।"

প্রসঙ্গত, মঙ্গলবার বিকেল-সন্ধ্যা নাগাদ মেদিনীপুরের পঞ্চুরচক কলেজ স্কোয়ারে একটি যুব আড্ডার ডাক দিয়েছিল বিজেপি। সেই যুব আড্ডাতে ছিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। যুব আড্ডা চলাকালীন-ই তৃণমূলের একটি বাইকের মিছিল যাওয়ার সময় 'চোর, চোর' স্লোগান দিতে থাকে। সেই সঙ্গে জোরে জোরে বাইকের হর্ন বাজাতে থাকে। খানিক পর আবার দ্বিতীয় পর্যায়ে বাইক নিয়ে এসে একই পরিস্থিতি তৈরি করে। তখন দিলীপ ঘোষও পালটা 'চোর, চোর' স্লোগান দেন। সেইসঙ্গে তৃণমূল নেতা-কর্মীদের তীব্র ভাষায় কটাক্ষ করেন। বেলাগাম মন্তব্য করেন। একইসঙ্গে তিনি এক হাত নেন পুলিস সুপারকেও। বক্তব্য রাখতে গিয়ে জুন মালিয়া সম্পর্কেও অনেক মন্তব্য করেন বিজেপি সাংসদ। এই ঘটনায় উত্তেজনাময় পরিস্থিতির তৈরি হয় মেদিনীপুরে।

আরও পড়ুন, Tamluk: তমলুকে তৃণমূলের 'বড়' হার, ডবল আসন ছিনিয়ে জয়ী বিজেপি!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.