)
নিজস্ব প্রতিবেদন: ফের অসুস্থ। গরুপাচারকাণ্ডে ( Cow smuggling case ) সিবিআই (CBI) দফতরে হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। কলকাতার নিজাম প্যালেসে গিয়ে তদন্তকারীদের সঙ্গে দেখা করলেন তাঁর আইনজীবী। বোলপুর বা আশেপাশের কোনও জায়গায় অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করার আর্জি জানানো হয়েছে বলে খবর।
এর আগে, ভোট পরবর্তী হিংসা মামলায়ও (Post Poll Violence) কিন্তু অনুব্রত মণ্ডলকে দু'বার নোটিশ পাঠিয়েছিল সিবিআই (CBI)। হাইকোর্টে (Calcutta High Court) আপাতত স্বস্তি পেয়েছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। আদালতের নির্দেশ, সিবিআই তদন্ত চলবে। তদন্তকারীদের সহযোগিতাও করতে হবে অনুব্রতকে। তবে আদালতের অনুমতি ছাড়া তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না।
এদিকে ১৪ ফ্রেরুয়ারি আবার গরুপাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলকে তলব করে সিবিআই। সেবার কলকাতার নিজাম প্যালেসে হাজিরা এড়িয়ে যান তিনি। এরপর ফের তলব করা হয় তাঁকে। আজ, ২৫ ফেব্রুয়ারি, দুর্গাপুরে সিবিআইয়ের দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু এবার হাজিরা দিলেন না। কেন? সূত্রের খবর, এদিন সকালে আচমকাই অসুস্থ হয়ে পড়েন অনুব্রত মণ্ডল। প্রবল শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। তড়িঘড়ি অনুব্রতকে নিয়ে যাওয়া হয় বোলপুরের সিয়ান মহকুমা হাসপাতালে। সেখানে বেশ কয়েকটি শারীরিক পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসার পর অবশ্য বাড়ি ফিরে আসেন বীরভূমের 'কেষ্ট'।
এদিন কলকাতার নিজাম প্যালেসে গিয়ে সিবিআই আধিকারিকদের কথা বলেন অনুব্রত মণ্ডলের আইনজীবী। সিবিআই সূত্রের খবর, তিনি বলেছেন, অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থা ভালো নয়। কলকাতা এসে তাঁর পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয়। তাহলে? তদন্তকারীদের বোলপুর বা আশেপাশে কোনও জায়গায় অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করার আর্জি জানিয়েছেন তাঁর আইনজীবী।