সূর্য উঠলেই শরীর জ্বলে তাই জীবনের স্বাদ খুঁজে পেয়েছেন সূর্য এড়ানো পুকুরের জলভেজা মগ্নতায়!
সূর্য উঠলেই শরীর জ্বলে। জলে জুড়ায় জ্বলন। তাই ভোর থাকতেই পুকুরে ডুব দেন কাটোয়ার পাতুরানী ঘোষ। বুক জলে দিন কাটিয়ে রাতে ঘরে ফেরেন। ডাক্তাররা বলছেন মনোরোগ। গ্রামবাসীরা এই অদ্ভুতুড়ে কাণ্ডে ভুতের সন্ধান করছেন। পাতুরানী ঘোষ হেসে বলছেন রোগ কোথায়--জলেই তো তাঁর রোগ সারছে।সূর্য যখন জবা কুসুমের রং ধারণ করে। ফের যখন পশ্চিম আকাশে দিগন্ত বিস্তৃত লালিমায় বিদায় জানায়। সেই বিস্তীর্ণ সময়টা বড় খারাপ কাটে পাতুরাণী ঘোষের। সে এক জ্বালা। গোটা শরীর জুড়ে লাল পিপড়ের মারণ কামড়। জ্বলনে টেকা দায়। মন বলে মরণ হয়না কেন। আবার সেই মনই ভরা সংসারের আষ্টেপৃষ্ঠে বাঁধন মনে করায়। কলমির গন্ধ মাখা পুকুরে, গুগলি খোঁজা হাঁসের মত বেঁচে থাকার আনন্দ খুঁজে পান পাতুরানী। এখন বয়েস হয়েছে ঢের। পশ্চিম দিগন্তের মরা আকাশ থেকে ডাক আসে মাঝে মধ্যেই, তবু পুকুরের তরঙ্গহীন গহন শীতলতায় বিশল্যকরণীর সন্ধান পান পাতুরানী ঘোষ।